চেন্নাই, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লড়াইটা ছিল বীরেন্দর শেবাগ আর মহেন্দ্র সিং ধোনির। আইপিএল-এ দুজনের দলই এখন দুর্দান্ত ফর্মে। তবে নিজেদের মাঠে খেলা বলে শুক্রবার ধোনির চেন্নাই সুপার কিংসই ছিল ফেবারিট। সেটা অবশ্য কাগজে-কলমে। বাস্তবে সে হিসেবটাকে উল্টে দিয়েছেন বীরেন্দর শেবাগ। তার ৪১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৭১ রানের ইনিংসের সুবাদে চেন্নাইকে শুধু প্রথম পরাজয়ের স্বাদই দেয়নি, ৮ উইকেটের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়েলস আর চেন্নাইয়ের পাশে জায়গাও করে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।
টস জিতে ব্যাট করতে নেমেই চেন্নাই বুঝতে পেরেছিল দিনটি খুব ভালো যাবে না। তাদের এমন ইঙ্গিত দিয়েছিল গ্লেন ম্যাকগ্রা আর মোহাম্মদ আসিফের বোলিং। দুজনের আঁটসাটো বোলিংয়ে প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান ওঠে। তারপর ইয়ো মহেশ এসেই স্টিভেন ফ্লেমিংকে (১৩) বোল্ড করে বিপদ আরো বাড়িয়ে দেন। মোটামুটি নিয়মিত বিরতিতেই পড়তে থাকে উইকেট। এ ম্যাচেই অভিষিক্ত বিদ্যুৎ শিবরামকৃষ্ণণ (৩৭ বলে ৫৪), অধিনায়ক ধোনি (২৭ বলে ৩২), পার্থিব প্যাটেল (২১) আর অ্যালবি মরকেল (১৬ বলে ২৮) বেশ সংগ্রাম করে শেষ পর্যন্ত স্কোরটাকে ৬ উইকেটে ১৬৯ পর্যন্ত নিতে পেরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অবশ্য ম্যাকগ্রা (১/২১), আসিফ (১/৩৪), ইয়ো মহেশ (১/৩১), শেবাগদের (১/২১) বোলিংয়ের বিপক্ষে এই স্কোর মন্দের ভালো হলেও একেবারেই আশাজাগানিয়া যে নয় তা পরিস্কার হয়ে যায় শেবাগ-গম্ভীর জুটি দিল্লির হয়ে ইনিংস সূচনা করার পরপরই। ১১.২ ওভারে ১১৫ রান তুলে এ জুটিই প্রায় শেষ করে দেয় চেন্নাইয়ের অপরাজিত থাকার আশা। সে অবস্থায় যোগিন্দরের বলে মুরালিধরনকে ক্যাচ দিয়ে শেবাগ আর ১৫ তম ওভারে গম্ভীর (৩৭ বলে ৫০) গোনির বলে বোল্ড হলেও তাই ম্যাচ জিততে অসুবিধা হয়নি দিল্লির। ম্যান অব দ্য ম্যাচ কে সেটা বুঝতেও কারো অসুবিধা হয়নি। বোলিংয়ের পর ব্যাটিংয়েও এমন ভালো করেও বীরেন্দর শেবাগের তা না পাওয়া যে অসম্ভবই ছিল!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৩৫ ঘ.
bdnews24