২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

শক্তিমত্তায় অন্যদের এগিয়ে থাকার খবর জেনেই তারা শ্রীলঙ্কায় গেছেন। তারপরও সব প্রতিপক্ষের মধ্যে তুলনামূলক কম শক্তির দল পাকিস্তানকে টার্গেট করেই গিয়েছিল বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, ৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শক্তিমত্তায় অন্যদের এগিয়ে থাকার খবর জেনেই তারা শ্রীলঙ্কায় গেছেন। তারপরও সব প্রতিপক্ষের মধ্যে তুলনামূলক কম শক্তির দল পাকিস্তানকে টার্গেট করেই গিয়েছিল বাংলাদেশ। এবং মহিলা এশিয়া কাপে ভারতের কাছে বড় হার দিয়ে শুরুর পর বাংলাদেশের মেয়েরা পাকিস্তানকে সামনে পেয়ে লক্ষ্যভেদও করেছে। শনিবার কুরুনেগালার ওয়ালাগেদারা স্টেডিয়ামে তারা ২৭ বল বাকি থাকতেই তুলে নিয়েছে ৪ উইকেটের জয়, যা মহিলা ক্রিকেটে প্রতিষ্ঠিত শক্তিগুলোর বিপক্ষে পাওয়া বাংলাদেশের প্রথম জয় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেলে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল। আর এই জয়ে ব্যাটে-বলে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। স্পিনকে তাদের মূল শক্তি বলে গিয়েছিল বাংলাদেশ। এদিন তাদের ঘূর্নিজাদুতেই আসলে কুপোকাত হয়েছে পাকিস্তানের মেয়েরা। সালমা, তিথি রাণী সরকার ও সহ-অধিনায়ক সাথীরা জাকের জেসি- এই তিন অফস্পিনার মিলে ৪৭.৪ ওভারে মাত্র ১৩৪ রানে গুটিয়ে দেন পাকিস্তানকে। তিনজনে মিলেই তুলে নেন আটটি উইকেট। তবে সফলতম বোলার বলতে হবে তিথিকেই। মাত্র ২৫ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট শিকারে অধিনায়ক সালমার ব্যয় মাত্র ১৮ রান। জেসিও ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। জবাব দিতে নেমে মাত্র ২৬ রানে ৩ উইকেট খোঁয়ালেও বাংলাদেশের জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন জাগেনি কখনো। কারণ অধিনায়ক সালমা ব্যাট হাতেও এক প্রান্ত আগলে রেখেছিলেন। ৪৫.৩ ওভারে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ৫৩ রানে। তার ৯২ বলের এই ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারির মার। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান অবশ্য এসেছে অতিরিক্ত খাত থেকে। শনিবার টুর্নামেন্টের আরেক ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ২৯ রানে হারিয়েছে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/১৮২৭ ঘ.