ঢাকা, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলাদের এশিয়া কাপে শুরুটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। শুক্রবার শ্রীলঙ্কার কুরুণেগালায় নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮২ রানে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ রানে দু উইকেট হারিয়ে বসেছিল ভারত। তবে অধিনায়ক মিতালি রাজ (১০৯*) আর ওপেনার জয়া শর্মা (৭২) তৃতীয় উইকেটে ১১০ রান তুললে ৫০ ওভারে ২৫০ রান করে ফেলে তারা। জবাব দিতে নেমেই বাংলাদেশ পড়ে ঝুলন গোস্বামীর (৪/১৮) তোপের মুখে। তারপর শুরু হয় পূজারে সীমার (৫/১৭) স্পিন-ছোবল আর তাতেই বাংলাদেশ ৩০.২ ওভারে ৬৮ রানে অলআউট। দলের পক্ষে সাথিরা জাকির (১২) আর ইরিন সুলতানা (১৯) ছাড়া আর কেউ দু অঙ্কে পৌঁছাতে পারেননি।
দিনের অন্য ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা হারায় পাকিস্তানকে। শনিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসি/২১৩৩ ঘ.
bdnews24