২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শন মার্শের চোখ-ধাঁধানো ইনিংস, যুবরাজদের আরেকটি জয়

বাবা জিওফ মার্শ অস্ট্রেলিয়াকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন এই ভারতেই। তার পদাঙ্ক অনুসরন করে ছেলে শন মার্শও এখন ক্রিকেটার, এসেছেন ভারতে, কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল জেতাতে। বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে তার ৬২ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস পাঞ্জাবকে ৭ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছে ডেকান চার্জার্সের বিপক্ষে। যুবরাজ, সাঙ্গাকারাদের পাশাপাশি তরুণ শন মার্শও এভাবে আলো ছড়ালে আইপিএল-এর প্রথম আসর জিতে নিতেই পারে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

হায়দ্রাবাদ, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাবা জিওফ মার্শ অস্ট্রেলিয়াকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন এই ভারতেই। তার পদাঙ্ক অনুসরন করে ছেলে শন মার্শও এখন ক্রিকেটার, এসেছেন ভারতে, কিংস ইলেভেন পাঞ্জাবকে আইপিএল জেতাতে। বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে তার ৬২ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস পাঞ্জাবকে ৭ উইকেটের দারুণ এক জয় এনে দিয়েছে ডেকান চার্জার্সের বিপক্ষে। যুবরাজ, সাঙ্গাকারাদের পাশাপাশি তরুণ শন মার্শও এভাবে আলো ছড়ালে আইপিএল-এর প্রথম আসর জিতে নিতেই পারে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। টস জিতে ডেকান চার্জার্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন যুবরাজ সিং। অধিনায়ক ভিভিএস লক্ষণ (৩৪ বলে ৪৮) আর রোহিত শর্মা (৭৬*) ছাড়া আর কেউ ভালো না করায় ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ পর্যন্ত যেতে পারে লক্ষণের দল। ৪২ বলে ১০টি চার ও ২ টি ছক্কায় ৭৬ রানের হার না মানা ইনিংস খেলা রোহিত অবশ্য আরো বড় সংগ্রহের সম্ভাবনাই জাগিয়েছিলেন । কিন্ত পিযূষ চাওলা (৩/২৮), ইরফান পাঠান (২/৩০), শ্রীশান্তদের (১/৩৩) বোলিং সঙ্গীহীনতার হতাশায় ডোবায় তাকে। জবাব দিতে নেমে শুরুতেই দুঃখজনক রান আউটে সারোয়ানের (১৫) বিদায় চিন্তায় ফেলেছিল পাঞ্জাবকেও। শন মার্শের স্ট্রেইট ড্রাইভ থেকে বল বোলার আর পি সিংয়ের হাতে লেগে ভেঙ্গে দেয় ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট। সারোয়ান তখন ক্রিজের বাইরে ছিলেন! এভাবে প্রথম উইকেট খোয়ানো পাঞ্জাবের হয়ে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারা (৩) আর যুবরাজ সিং (১৪) তেমন কিছুই করতে পারেননি। তারপরও কোনো বিপদ হয়নি। কারণ? শন মার্শ আর মাহেলা জয়াবর্ধনের দায়িত্বশীল ব্যাটিং। তাদের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিই জয়ের বন্দরে পৌঁছে দেয় পাঞ্জাবকে। জুটিতে ২৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করা জয়াবর্ধনের অবদানই বেশি। কিন্তু ইনিংস সূচনা করতে এসে শেষ পর্যন্ত দলকে সঙ্গ দেয়া মার্শের সার্বিক অবদান তার তুলনায় নগণ্যই বলতে হয়। অ্যাডজুডিকেটররা সে কারণেই তো ম্যাচ সেরার পুরস্কারের যোগ্য ভেবেছেন অস্ট্রেলিয়ান তরুণটিকে! তার পরিণত ব্যাটিংয়ের জন্য বল হাতে শ্রীশান্ত (০/৩৬), নুয়ান জয়সা (১/৩২), শহিদ আফ্রিদিদের (০/২৮) সব প্রয়াসই ব্যর্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৪২ ঘ.