জয়পুর, ভারত, ১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে ১৪০ রানের বিশাল জয়। পরের ম্যাচে অতো সহজে না হলেও ৫ উইকেটের জয় দিয়ে লক্ষ্যটা ঠিকই রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তারপর থেকেই সৌরভ-শাহরুখের দল লক্ষ্যভ্রষ্ট! বৃহস্পতিবার আইপিএল-এ কলকাতার দলটি দাঁড়াতেই পারেনি রাজস্থান রয়্যালসের সামনে। ৪৫ রানের সহজ জয় দিয়ে শেন ওয়ার্নের রাজস্থান এখন আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে। তবে দু দলেরই ৮ পয়েন্ট হলেও রাজস্থান চেন্নাইয়ের চেয়ে একটি ম্যাচ বেশি অর্থাৎ ৫টি ম্যাচ খেলেছে। অন্যদিকে কলকাতার এটা টানা তৃতীয় পরাজয়।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া রাজস্থান ৭ উইকেটে ১৯৬ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল প্রতিপক্ষের সামনে। স্বাগতিকদের দু শ' ছুঁই-ছুঁই সংগ্রহটা গড়ে ওঠে ম্যান অব দ্য ম্যাচ স্বপ্নীল আসনোদকার (৩৪ বলে ৬০), ইউসুফ পাঠান (৩৩ বলে ৫৫) ও রবীন্দ্র জাদেজার (১৯ বলে ৩৩) তিনটি ঝড়ো ইনিংসের সুবাদে। ৩১ রানে ৩ উইকেট নেয়া উমর গুল ছিলেন কলকাতার সফলতম বোলার।
জবাবে শুরু থেকেই উইকেট হারানোর পাশাপাশি লাফিয়ে-লাফিয়ে বেড়ে চলা আস্কিং রানরেটের সঙ্গে পেরে ওঠেনি কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (৩৯ বলে ৫১) ও ডেভিড হাসি (৩০ বলে ৪২) অবশ্য চেষ্টা করেছিলেন দলকে লক্ষ্যে পৌঁছে দেয়ার। কিন্তু সৌরভ প্রতিপক্ষ অধিনায়ক ওয়ার্ন এবং হাসি পেসার সিদ্ধার্থ ত্রিবেদীর শিকারে পরিণত হলে ১৯.১ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় কলকাতা। দুটি করে উইকেট নিয়েছেন শেন ওয়াটসন, সোহেল তানভির ও ত্রিবেদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫৪ঘ.
bdnews24