২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখতে কুম্বলের ব্যতিক্রমী আহ্বান

বিপুল অর্থ আর ঈর্ষণীয় তারকাখ্যাতি কি ভারতের ক্রিকেটারদের সর্বনাশ করছে? মেজাজ হারিয়ে ফেলে তারা জড়িয়ে পড়ছেন একের পর এক বিতর্কে? শ্রীশান্তকে চড় মেরে হরভজন সিং আইপিএল-এ ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে প্রশ্নগুলো উঠছেই। অনিল কুম্বলে অবশ্য এর সঙ্গে পুরোপুরি একমত নন। তবে ভারতের টেস্ট অধিনায়কের ধারণা ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখতে এখন পেশাদারি সাহায্যের প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 09:36 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মুম্বাই, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিপুল অর্থ আর ঈর্ষণীয় তারকাখ্যাতি কি ভারতের ক্রিকেটারদের সর্বনাশ করছে? মেজাজ হারিয়ে ফেলে তারা জড়িয়ে পড়ছেন একের পর এক বিতর্কে? শ্রীশান্তকে চড় মেরে হরভজন সিং আইপিএল-এ ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে প্রশ্নগুলো উঠছেই। অনিল কুম্বলে অবশ্য এর সঙ্গে পুরোপুরি একমত নন। তবে ভারতের টেস্ট অধিনায়কের ধারণা ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখতে এখন পেশাদারি সাহায্যের প্রয়োজন। "এই খেলায় (ক্রিকেটে) এখন প্রচুর টাকা, বিশেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে"--- একটি পত্রিকার কলামে অর্থের আগ্রাসনের কথা স্বীকার করেই কুম্বলে লিখেছেন, "মানুষের 'অতিরিক্ত অর্থ'কে দোষ দেয়া কিংবা বিতর্কিত ঘটনাগুলোকে সমর্থন দেয়ার জন্য মাথা গরম করে ফেলার দোহাই দেয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের সঠিক উপদেশ প্রাপ্তি নিশ্চিত করা। পেশাদার ব্যক্তিরা খ্যাতি ও অর্থের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য তাদের (খেলোয়াড়দের) সাহায্য করতে পারে।" ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতার কথা জানাতেও তিনি ভোলেননি, "এখানে (ভারতের ক্রিকেটাঙ্গনে) শিক্ষা একেবারে অপরিহার্য। এবং এটা (শিক্ষা) পুরো সিস্টেমেরই অংশ হওয়া উচিৎ।" ভারতীয় ক্রিকেটে অর্থের প্রাচুর্য নতুন কিছু নয়। অন্য যে কোনো দেশের চেয়ে ভারতের তারকা ক্রিকেটাররা অনেক বেশি ধনী, চলচ্চিত্র-তারকাদের মতো বিখ্যাত। স্পন্সরশিপ এবং বিজ্ঞাপণই মূলত তাদের বিপুল পরিমাণ অর্থের উৎস। তার সঙ্গে আইপিএল-এর আগমনে তাদের ব্যাংক ব্যালেন্স রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে। গত ফেব্র"য়ারিতে আইপিএল-এর নিলামে ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দর উঠেছিল ১৫ লাখ মার্কিন ডলার! আর হরভজনের সাড়ে আট লাখ। অথচ শচীন টেন্ডুলকারের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ানসের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা সেই হরভজনই গত শুক্রবার কিংস ইলেভেন পাঞ্জাবের শ্রীশান্তকে চড় মারার দায়ে ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। মুম্বাই সেমিফাইনালে উঠতে না পারলে 'ভাজ্জি' আর খেলার সুযোগই পাবেন না বহুল আলোচিত আইপিএল-এর প্রথম আসরে। 'টার্বুনেটর' নামে পরিচিত হরভজনের বিতর্কে জড়িয়ে পড়া অবশ্য নতুন কিছু নয়। মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়া সফরে অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণাবাদী গালি দেয়ায় তিন টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার পাশে দাঁড়িয়েছিল, আপিল করে নিষেধাজ্ঞাকে নামিয়ে এনেছিল জরিমানায়। কিন্তু এবার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হরভজনের পাশে না দাঁড়িয়ে উল্টো কঠিন শাস্তিই দিয়েছে তাকে। ক্রিকেট-দুনিয়ায় বিনয়ী হিসাবে পরিচিত কুম্বলে তার স্পিন-জুটির এমন অভব্য আচরণে ভীষণই বিরক্ত। তবে বিরক্তিটা সরাসরি প্রকাশ করেননি টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক। ভদ্রতার আবরণে সম্ভবত হরভজনকে উপদেশ দেয়ার জন্যই লিখেছেন, "খেলোয়াড়দের প্রতিপক্ষকে সম্মান করতে শিখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রত্যেকের সম্মান আদায় করে নিতে হবে। আপনার কোন্ কথা বলা অনুচিৎ তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি আসলে কি বললেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৩৪ঘ.