২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মিত প্রতিযোগিতাই হচ্ছে না অথচ নতুন টুর্নামেন্ট!

চলতি মৌসুমের কর্পোরেট ক্রিকেট লিগ আলোর মুখ দেখার কোনো সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে কোনো মাথাব্যথা না থাকলেও নিত্যনতুন টুর্নামেন্ট আয়োজনে তোড়জোর থেমে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ৩ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে এবার রাখা হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে। কারণ জাতীয় চ্যাম্পিয়নশিপের পর তাদের নিয়ে হচ্ছে আলাদা টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চলতি মৌসুমের কর্পোরেট ক্রিকেট লিগ আলোর মুখ দেখার কোনো সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে কোনো মাথাব্যথা না থাকলেও নিত্যনতুন টুর্নামেন্ট আয়োজনে তোড়জোর থেমে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ৩ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে এবার রাখা হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে। কারণ জাতীয় চ্যাম্পিয়নশিপের পর তাদের নিয়ে হচ্ছে আলাদা টুর্নামেন্ট। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এটাকে 'বাড়তি ঝামেলা' হিসেবেই দেখছেন। বিশেষ করে নিয়মিত টুর্নামেন্টই যেখানে হচ্ছে না, সেখানে এটাকে বিলাসিতা মনে হওয়াই স্বাভাবিক। সেটা মানতে অবশ্য রাজী নন বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হাফিজ জোয়ার্দার, "ব্রাদার্স ক্লাব মামলা না করে বসলে তো কর্পোরেট লিগটাও এতোদিনে হয়ে যায়। এজন্য দেড় মাস সময় নষ্ট হয়েছে।" বিসিবির আগের কমিটিও অবশ্য এরকম একটা উদ্যোগ নিয়েছিল। তবে সেই পরিকল্পনাটা শুধু ছিল সার্ভিসেস দলগুলোকে নিয়ে। কিন্তু তাদের অনীহায় ওই পরিকল্পনা একদম মুখ থুবড়ে পড়েছিল। এবার তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকেও জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ বললেন, "এবার প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের ক্রিকেটারদের আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার অনুমতি দিচ্ছি না। ৯ মে থেকে প্রিমিয়ারের সুপার লিগ আছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ক্রিকেটারই এই দুই ক্যাটাগরির। এবং তারা খেলোয়াড় কোটায় ভর্তি হওয়া। জানা কথা, বিশ্ববিদ্যালয়গুলো গাইগুঁই করবে। এজন্য আমরা এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের পর তাদের জন্য আলাদা টুর্নামেন্ট করছি।" এই টুর্নামেন্ট আয়োজনে তোড়জোর শুরুর কথাও জানালেন তিনি, "দুয়েকদিনের মধ্যেই আমরা বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে এই টুর্নামেন্টের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়ে দিচ্ছি।" ২৮-তম জাতীয় চ্যাম্পিয়নশিপে এবার অংশ নিচ্ছে ৬৩টি জেলা। অংশ নেওয়া বাধ্যতামূলক হলেও নেত্রকোনা ছাড় পাচ্ছে একারণে, "ওখানে নাকি ক্রিকেটের কোনো কমিটি নেই। তাছাড়া দল গড়ার মতো কোনো সিনিয়র খেলোয়াড়ও নেই। সবাই বয়সভিত্তিক দলের। এজন্যই ওদের অনাপত্তি আমরা গ্রহণ করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.