২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয় দিয়ে শীর্ষে চেন্নাই সুপার কিংস

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের জয়যাত্রা এখনো অব্যাহত। সোমবার ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে নাটকীয়ভাবে ১৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রাখলো মহেন্দ্র সিং ধোনির দল। চার ম্যাচের সবগুলোতেই তারা বিজয়ী। অন্যদিকে চতুর্থ ম্যাচে রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোরের এটা তৃতীয় পরাজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 05:01 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ব্যাঙ্গালোর, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের জয়যাত্রা এখনো অব্যাহত। সোমবার ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে নাটকীয়ভাবে ১৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রাখলো মহেন্দ্র সিং ধোনির দল। চার ম্যাচের সবগুলোতেই তারা বিজয়ী। অন্যদিকে চতুর্থ ম্যাচে রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোরের এটা তৃতীয় পরাজয়। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোর দলীয় ১৩ রানেই হারিয়ে ফেলে ওপেনার ভরত চিপলিকে। মানপ্রিত গনি ৮ রান করা চিপলিকে বোল্ড করার পর ওয়াসিম জাফর ও রস টেলরের মধ্যে গড়ে ওঠে ৮৯ রানের এক দুর্দান্ত জুটি। ৭.৫ ওভারের জুটিটা অবশ্যই অনেক আগেই ভেঙ্গে যেতে পারতো। কিন্তু ব্যক্তিগত ৭ ও ১৮ রানে দু বার ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান জাফর। শেষ পর্যন্ত ঠিক ৫০ রান করে অমরনাথের বলে ওরামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৩৩ বলের ইনিংসটা সাজানো ছিল দুটি ছক্কা ও ৫টি বাউন্ডারিতে। জাফর ফিরে যাওয়ার পর ক্যালিস বেশি কিছু করতে পারেননি। ১৪ রান করে যোগিন্দর শর্মার বলে কট বিহাইন্ড হয়ে গেছেন এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ৩০ বলে ফিফটিতে পৌঁছানোর পর টেলরও বেশি দূর যেতে পারেননি। ৩টি করে ছক্কা ও বাউন্ডারিতে ৩৪ বলে ৫৩ রান করা টেলরকে ফিরিয়েছেন অমরনাথ, কাভারে রায়নার দারুণ এক ক্যাচ বানিয়ে। কিন্তু রায়নাই গনির বলে বাউচারের সহজ ক্যাচ ফেলে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন দলকে। তবে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বাউচার (৪) পরের বলেই ডিপ থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন মাইকেল হাসিকে। এবং গনির সেই ওভারেই ব্যাঙ্গালোরের অধিনায়ক দ্রাবিড়ও (০) এলবিডব্লু। অ্যালবি মরকেলের করা পরের ওভারে বিরাট কোহলিও (১২) বোল্ড। ২২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলার ধকল সামলে উঠতে পারেনি ব্যাঙ্গালোর। ওরামের করা ১৯তম ওভারে জহির খান (৮) ও প্রবীন কুমার (৬) দু জনই রান আউট হয়ে গেলে শেষ হয়ে যায় তাদের জয়ের আশা। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। এর আগে টস জিতে ব্যাট করতে নামা চেন্নাইয়ের দুই ওপেনার ম্যাথু হেইডেন (১৩) ও পার্থিব প্যাটেল (২১) বড় ইনিংস খেলতে পারেননি। তবে সুরেশ রায়না (১৭ বলে ২৮), মাইকেল হাসি (৩৭ বলে ৪৭) এবং বিশেষ করে ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৮ রান করতে পেরেছে তারা। ধোনি-হাসির ৭.৫ ওভারে গড়া ওঠা ৯৫ রানের জুটিই এই সংগ্রহের ভিত্তি। ২৪ বলে ফিফটিতে পৌঁছানো ধোনি মাত্র ৩০ বলে ৩টি ছক্কা ও ৯টি বাউন্ডারিতে ৬৫ রান করেছেন। ভারতের ওয়ানডে অধিনায়কের জন্যই শেষ দুই ওভারে ৩৮ রান পেয়েছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে ডেল স্টেইনের করা ১৯তম ওভারে উঠেছে ২৪ রান। জহির খান শেষ দুই বলে ধোনি ও হাসি দুজনকেই ফিরিয়ে চেন্নাইয়ের সংগ্রহটা আরো বড় হতে দেননি। ৩৮ রানে ৩ উইকেট নিয়ে তিনিই ব্যাঙ্গালোরের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/০০০২ঘ.