২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল-এ ১১ ম্যাচের জন্য নিষিদ্ধ হরভজন

এবার আর শাস্তির হাত থেকে রক্ষা পেলেন না হরভজন সিং। শাস্তিটাও অনেক বড় --- আইপিএল-এ ১১ ম্যাচের নিষেধাজ্ঞা! শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে শ্রীশান্তকে চড় মারার জন্যই এই শাস্তি। যার অর্থ মুম্বাই ইন্ডিয়ানস সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে বহুল আলোচিত আইপিএল-এর প্রথম আসরে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবেন না 'ভাজ্জি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 05:01 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

নয়াদিল্লী, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবার আর শাস্তির হাত থেকে রক্ষা পেলেন না হরভজন সিং। শাস্তিটাও অনেক বড় --- আইপিএল-এ ১১ ম্যাচের নিষেধাজ্ঞা! শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে শ্রীশান্তকে চড় মারার জন্যই এই শাস্তি। যার অর্থ মুম্বাই ইন্ডিয়ানস সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে বহুল আলোচিত আইপিএল-এর প্রথম আসরে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাবেন না 'ভাজ্জি'। প্রথম চার ম্যাচেই হেরে যাওয়া মুম্বাই ইন্ডিয়ানসের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অবশ্য খুবই ক্ষীণ। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবাদী গালি দেয়ার অভিযোগে তিন টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন হরভজন। তখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার পাশে দাঁড়িয়েছিল, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে শাস্তিটা জরিমানায় নামিয়েও এনেছিল। কিন্তু এবার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হরভজনকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। টিভিতে চড় মারার ন্যক্কারজনক ঘটনাটি দেখা না গেলেও শ্রীশান্তকে কাঁদতে দেখেছে অনেকেই। হরভজন নিজেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। দুয়ে-দুয়ে চার মিলিয়ে কঠিন শাস্তি দেয়ার উদ্দেশ্যে বিসিসিআই একেবারে ১১ ম্যাচের জন্যই নিষিদ্ধ করেছে হরভজনকে। 'টার্বুনেটর' নামে পরিচিত এই অফস্পিনারের বিরুদ্ধে আরো শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে বিসিসিআই। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ার পরও তিনি কেন এ ধরনের ঘটনার জন্ম দিলেন সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে তার কাছে। সোমবার বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ জানিয়েছেন 'প্রাথমিক তদন্ত' পরিচালনার জন্য সুধীর নানাভাতি নামে এক জন আইনজীবিকে নিযুক্ত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নানাভাতিকে এ সংক্রান্ত রিপোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ারের কাছে জমা দিতে হবে। রিপোর্টটা দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পাওয়ার সেটা পাঠাবেন ডিসিপ্লিনারি কমিটির কাছে। শুক্রবারের ঐ ঘটনার পর ম্যাচ রেফারি ও ভারতের সাবেক উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়ার ইতিমধ্যেই সেই ম্যাচের পুরো ম্যাচ ফি কেটে নিয়েছেন হরভজনের। আইপিএল-এর কমিশনার ও বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ললিত মোদি অবশ্য এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন টুর্নামেন্টের পুরো ম্যাচ ফি'ই বাতিল হয়ে যাবে 'ভাজ্জি'র। শুধু হরভজন নন, ঐ ঘটনায় মুম্বাইয়ের কোচ লালচাঁদ রাজপুতকেও শাস্তি পেতে হচ্ছে। এ সম্পর্কে ললিত মোদি জানিয়েছেন, "ঘটনাটার সময় হরভজনের ঠিক পেছনেই ছিলেন রাজপুত। কিন্তু তাকে (হরভজনকে) বাধা দেয়ার কোনো চেষ্টাই তিনি করেননি। তাই তার ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫০ঘ.