মুম্বাই, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে। ভারপ্রাপ্ত অধিনায়ক হরভজন সিংও শ্রীশান্তকে চড় মারার দায়ে নিষিদ্ধ। আইপিএল-এর সবচেয়ে দামী দল মুম্বাই ইন্ডিয়ানস এখন ভীষণ দুরবস্থার মধ্যে। প্রথম তিন ম্যাচে হেরে যাওয়া মুম্বাই চতুর্থ ম্যাচেও পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। রোববার আইপিএল-এ ডেকান চার্জার্সের সামনে দাঁড়াতেই পারেনি তারা। গিলক্রিস্টের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৪৮ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ডেকান। চতুর্থ ম্যাচে এটাই তাদের প্রথম জয়।
১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ডেকান চার্জার্স গিলক্রিস্টের কল্যাণে শুরু থেকেই ছিল দারুণ আক্রমণাত্মক। মাত্র ৪২ বলে ৯টি করে ছক্কা ও বাউন্ডারিতে সেঞ্চুরিতে পৌঁছে যান গিলক্রিস্ট। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন তিনি। 'ম্যাজিক ফিগারে' পৌঁছানোর পরও একটি ছক্কা এসেছে ম্যাচ-সেরা 'গিলি'র ব্যাট থেকে। অন্য প্রান্তে অধিনায়ক লক্ষ্মণ ২৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ানস শুরু থেকেই বিপর্যয়ের মধ্যে পড়ে। রনচি (১৩), জয়াসুরিয়া (১৮), রেহানে (০) ও উথাপ্পার (৬) ব্যর্থতায় ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় তারা। সেখান থেকে পোলক (৩১), ব্রাভো (৩৪) ও নায়ারের (৩৪) দৃঢ়তায় ৭ উইকেটে ১৫৪ রান করেছে মুম্বাই। পোলক ৩১ বল খেললেও ব্রাভো ও নায়ার খেলেছেন অনেক কম বল। ব্রাভোর ১৮ বলের ইনিংসে ছক্কা একটি ও বাউন্ডারি তিনটি। তার চেয়ে এক বল বেশি খেলা নায়ারের ব্যাট থেকে এসেছে তিনটি ছক্কা ও একটি বাউন্ডারি। আরপি সিং, বাঙ্গার ও আফ্রিদি দুটি করে উইকেট নিয়ে মুম্বাইকে বড় সংগ্রহ গড়তে দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২৩২৭ঘ.
bdnews24