মুম্বাই, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কের জন্ম দিয়ে কদিন আগেও শিরোনামে এসেছেন তিনি। তখন সতীর্থ খেলোয়াড়রা তো বটেই এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) পাশে পেয়েছেন হরভজন সিং। কিন্তু শান্তাকুমারন শ্রীশান্তকে চড় মারার পর থেকে তিনি একা। কেউ নেই তার পাশে। ঘটনার পরের দিনই তাকে বহিস্কার করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সঙ্গে এ-ও জানিয়েছে, হরভজন যা করেছে তাতে বোর্ড লজ্জিত।
ঘটনাটা শুক্রবারের। মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব আর মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ শেষে শ্রীশান্তকে চড় মারেন হরভজন। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। শুধু জানা গেছে, পাঞ্জাব ৬৬ রানে জিতে যাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ানসের অস্থায়ী অধিনায়ক হরভজন সিংয়ের কাছে গিয়ে 'দুর্ভাগ্য' শব্দটাই ঊচ্চারণ করেছিলেন মাঠে উগ্র আচরণের জন্য বরাবর সমালোচিত শ্রীশান্ত। তবে ফাস্ট বোলার শ্রীশান্তের মুখে এই নিরীহ সান্ত্বনাসূচক শব্দ শুনেই চটে যান 'ভাজ্জি' এবং তারপরেই এক চড়...!
পুরস্কার বিতরনী শেষে অবশ্য হরভজন শ্রীশান্তের কাছে ক্ষমাও চেয়েছেন। এ খবরটা জানা গেছে পাঞ্জাব অধিনায়ক যুবরাজ সিংয়ের কাছ থেকেই। এ তথ্য জানানোর পাশাপাশি হরভজনের বন্ধু বলে পরিচিত যুবরাজ পুরো ঘটনায় চরম বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করতেও ছাড়েননি। পরে হরভজনের বিরুদ্ধে অভিযোগও করে কিংস ইলেভেন পাঞ্জাব। তার প্রেক্ষিতে হরভজনকে তৎক্ষণাৎ বহিস্কার করে বিসিসিআই। সোমবার শুনানীতে হাজির হতে হবে ভারতীয় এই স্পিনারকে। সেখানে দোষী প্রমাণিত হলে তার যে আরো বড় শাস্তি হবে তা মোটামুটি নিশ্চিত। রোববার বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত
bdnews24