২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীশান্তকে চড় মারার দায়ে অভিযুক্ত হরভজন

মাঠের মধ্যে আবেগের অতিরিক্ত বহিপ্রকাশ তার জন্য নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অল্প সময়ের মধ্যেই এ ব্যাপারে শান্তকুমারন শ্রীশান্ত বেশ প্রসিদ্ধ। শুক্রবার আইপিএল-এ পরাজিত প্রতিপক্ষের উদ্দেশে ব্যঙ্গ করতে গিয়ে গালে চড়ও খেতে হলো তাকে! ন্যক্কারজনক ঘটনাটার জন্ম দেয়ায় হরভজন সিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নয়াদিল্লী, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঠের মধ্যে আবেগের অতিরিক্ত বহিপ্রকাশ তার জন্য নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অল্প সময়ের মধ্যেই এ ব্যাপারে শান্তকুমারন শ্রীশান্ত বেশ প্রসিদ্ধ। শুক্রবার আইপিএল-এ পরাজিত প্রতিপক্ষের উদ্দেশে ব্যঙ্গ করতে গিয়ে গালে চড়ও খেতে হলো তাকে! ন্যক্কারজনক ঘটনাটার জন্ম দেয়ায় হরভজন সিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। শুক্রবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব ৬৬ রানে মুম্বাই ইন্ডিয়ানসকে হারানোর পর ঘটনাটার জন্ম। টেলিভিশনে দেখা গেছে বিজয়ী দলের সদস্য শ্রীশান্ত 'কাটা ঘায়ে নুনের ছিটা' দেয়ার জন্যই সম্ভবত ম্যাচশেষে ব্যঙ্গ করে কেঁদেছেন প্রতিপক্ষকে লক্ষ্য করে! করমর্দন করার সময় হরভজনকে 'কপাল মন্দ'ও নাকি বলেছেন তিনি। মুম্বাইয়ের অধিনায়ক হরভজনের এ সব একটুও ভালো লাগেনি। আর লাগেনি বলেই শ্রীশান্তের গালে চড় মেরে দেন 'ভাজ্জি'। সেজন্য বিসিসিআই হরভজনের ওপরে ভীষণ ক্ষুব্ধ। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, "বোর্ডের এক জন চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসাবে হরভজন সিংয়ের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে বিসিসিআই। তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণের জন্যও বলা হয়েছে তাকে।" হরভজন অবশ্য ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া, "লোকে যতোটা বড় বলে ভাবছে ইস্যুটা ততোটা বড় নয়। ঘটনাটা তো আমার আর শ্রীর (শ্রীশান্তের) মধ্যেই হয়েছে । টিভিতে যা দেখা গেছে তা তো আপনারা দেখেছেনই।" যদিও পাঞ্জাবের অধিনায়ক যুবরাজ সিং ধিক্কারই জানিয়েছেন ঘটনাটার, "যা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। তবে ড্রেসিং রুমে ফিরে হরভজন শ্রীশান্তের কাছে ক্ষমাও চেয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০২ঘ.