ঢাকা, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা একাডেমী দলের বিপক্ষে দুটো চারদিনের ম্যাচেই তুখোড় ফর্মে ছিলেন ব্যাটসম্যানরা। তবে পাকিস্তান একাডেমীর বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে জিপি-বিসিবি একাডেমীর অবস্থা একদম বিপরীত। শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনেই স্বাগতিকরা অলআউট হয়ে গেছে মাত্র ১৯২ রানে। জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৯৫ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান।
জিপি-বিসিবি একাডেমীর হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন শামসুর রহমান। এছাড়া বলার মতো রান এসেছে ফরহাদ হোসেন (৩৯) ও মুশফিকুর রহিমের (৩২) ব্যাট থেকে। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তান একাডেমীর সফলতম বোলার কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসা ওয়াহাব রিয়াজ। দুটো করে উইকেট পেয়েছেন আনোয়ার আলী, সোহেল খান এবং ইয়াসির শাহ। গ্রামীণফোন একাডেমী কাপের ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া পাকিস্তান অধিনায়ক খালিদ লতিফ এ ম্যাচেও রান পেয়েছেন। ৪৭ রান করে আউট হয়েছেন তিনি। তবে লতিফ ছাড়া টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ। এ কারণেই মাত্র ১৯২ রান করেও লিড নেওয়ার স্বপ্ন দেখতে পারছে জিপি-বিসিবি একাডেমী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৪১ঘ.
bdnews24