২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে মহিলা ক্রিকেট দলের স্পনসর এবি ব্যাংক

টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে শোভা পেয়েছে তাদের লোগো। এরপর মালয়েশিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকেও স্পনসর করা এবি ব্যাংক এবার নিজেদের জড়িয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সঙ্গেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, ২৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে শোভা পেয়েছে তাদের লোগো। এরপর মালয়েশিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকেও স্পনসর করা এবি ব্যাংক এবার নিজেদের জড়িয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সঙ্গেও। ২ মে থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এশিয়া কাপে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের অফিশিয়াল স্পনসর হয়েছে তারা। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়েছে ৬ লাখ টাকা। এশিয়া কাপে খেলতে অবশ্য ২৬ এপ্রিলই শ্রীলঙ্কায় চলে যাচ্ছে বাংলাদেশ দলটি। চার দলের এই প্রতিযোগীতায় প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। ২ মে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। ৩ ও ৫ মে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। ৬ মে ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারতের। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আবার দেখা হবে ৮ ও ৯ মে। ফাইনাল হবে ১১ মে। বৃহস্পতিবার বিকেলে হোটেল সোনারগাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রিকেটারদের পোশাক এবং অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও সরবরাহ করছে এবি ব্যাংক। মহিলা দলকে স্পনসর করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাংকটির প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর কাইজার এ চৌধুরী বলেন, "বিশ্ব দরবারে ক্রিকেট দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চাইলে পুরুষদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদের দিকেও সমান দৃষ্টি দিতে হবে। জাতীয় দলের মহিলা ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্যই এবি ব্যাংকের এই প্রয়াস।" অন্য দলগুলো সম্পর্কে একেবারে অন্ধকারে থেকেই অবশ্য এশিয়া কাপে যাচ্ছে দলটি। কোচ জাফরুল এহসান জানালেন, "আমরা প্রতিপক্ষের ভিডিও ফুটেজ জোগাড় করার চেষ্টা করেছি। কিন্তু পাইনি। আমি নিজে টিভিতে ওদের কিছু ম্যাচ দেখেছিলাম। সেখান থেকেই মেয়েদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি।" তার কাছে পাকিস্তানকেই দুর্বল দল বলে মনে হয়েছে। সেকারণেই পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচেই জেতার আশা থাকছে তার। কিন্তু ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষ্য? কোচের জবাব, "ওরা হয়তো আমাদের চেয়ে শক্তিশালী। কিন্তু আমরা ওদেরও ছেড়ে দেব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.