২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বোর্ডকে অনেকগুলো সুসংবাদ শোনালেন সেনাপ্রধান

'হচ্ছে, হবে' এই করে করে জাতীয় ক্রিকেট একাডেমীর ভবন নির্মাণের কাজ ঝুলে ছিল এতোদিন। দেরিতে হলেও অবশেষে বুধবার মিরপুরের 'হোম অফ ক্রিকেট'এ একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 04:59 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- 'হচ্ছে, হবে' এই করে করে জাতীয় ক্রিকেট একাডেমীর ভবন নির্মাণের কাজ ঝুলে ছিল এতোদিন। দেরিতে হলেও অবশেষে বুধবার মিরপুরের 'হোম অফ ক্রিকেট'এ একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। বিকেলে গ্রামীণফোন-বিসিবি ক্রিকেট একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বেশ কিছু সুখবরও শুনিয়ে গেলেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদ। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট মানে উন্নতির ছোঁয়া লাগার আশাবাদও ব্যক্ত করে গেলেন। একাডেমীর স্পনসর হিসেবে বিসিবির সঙ্গে গ্রামীণফোন গাটছঁড়া বেঁধেছে বছরখানেক আগেই। চুক্তি অনুযায়ী পাঁচ বছরে তারা এই খাতে সাড়ে সাত লাখ ডলার খরচ করবে। যার একটা বড় অংশ এই ভবন নির্মাণের কাজেও ব্যয় হবে। এই ভবন নির্মাণে খরচ ধরা হয়েছে ছয় কোটি টাকা। আগামী ১২ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধান অতিথি বললেন, "বলা হয়েছে যে ১২ মাসের মধ্যেই এর কাজ শেষ হবে। আমরা সবাই একাডেমী ভবনটা দেখার জন্য উন্মুখ হয়ে আছি।" আর বিসিবির জন্য সুখবরগুলো তিনি শুনিয়েছেন এভাবে, "১৫ বছরের জন্য এই স্টেডিয়ামটা ক্রিকেট বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে। এই স্টেডিয়াম থেকে সব দোকানপাট তুলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছি আমরা। পাশাপাশি স্টেডিয়ামের পাশের জায়গাগুলোও আমরা বিসিবিকে হস্তান্তর করে দেব।" সেই সঙ্গে তিনি এও যোগ করেছেন, "এখন আমাদের ক্রিকেট মানে উন্নতি দেখতে পারলে ভালো লাগবে। আমরা সবাই দেখতে চাই, আমাদের ক্রিকেট দল দেশ এবং দেশের বাইরে জিতছে।" ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডার্স ইয়ানসেন ছাড়াও দু'পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না জানান,"মিরপুর ক্রীড়া পল্লীটাও আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে এখন তিনতলা ভবন আছে। আমরা এর ওপরে আরো তিনতলা করবো। অবশ্য এটা অন্য ক্রীড়াবিদদের জন্যও ব্যবহার করা যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.