২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে লড়াই করে হারল জিপি-বিসিবি একাডেমি

লিগ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে দুবারই বিনা লড়াইয়ে হেরেছিল বাংলাদেশ। গ্রামীণফোন একাডেমী কাপের ফাইনালের ব্যতিক্রম বলতে এবার লড়াইটা আগের মতো একদম একপেশে হয়নি। পাকিস্তান একাডেমী দলের ৬ উইকেটে তোলা ২৭৬ রান তাড়া করতে নামা জিপি-বিসিবি একাডেমী জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছিল অনেকক্ষণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- লিগ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে দুবারই বিনা লড়াইয়ে হেরেছিল বাংলাদেশ। গ্রামীণফোন একাডেমী কাপের ফাইনালের ব্যতিক্রম বলতে এবার লড়াইটা আগের মতো একদম একপেশে হয়নি। পাকিস্তান একাডেমী দলের ৬ উইকেটে তোলা ২৭৬ রান তাড়া করতে নামা জিপি-বিসিবি একাডেমী জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছিল অনেকক্ষণ। তবে শেষপর্যন্ত তাদের ৪৬.৩ ওভারে ২৩৭ রানে অলআউট করে দিয়ে একাডেমী কাপের শিরোপা জিতেছে পাকিস্তান একাডেমীই। ফাইনালে তাদের জয় ৩৯ রানের। ফাইনালে টস ভাগ্যেও জয়ী পাকিস্তান অধিনায়ক খালিদ লতিফ ধরে রাখলেন পুরো টুর্নামেন্টেই তার ব্যাটের অসাধারণ ধারাবাহিকতা। তার সঙ্গে ওপেনার খুররাম মঞ্জুরও ঝলসে উঠলেন। দুয়েমিলে নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের বড় সংগ্রহ। স্বাগতিক দলের বোলারদের একদমই পাত্তা না দিয়ে তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৫৭ রান। দেখেশুনে খেলা মঞ্জুর সেঞ্চুরি পেলেও পাননি লতিফ। তবে তার ইনিংসটাই ছিল বোলিং বিধ্বংসী। মাত্র ৭৯ বলে ৮১ রান করার পথে তার ইনিংসে বাউন্ডারি মাত্র দুটো হলেও ছক্কা পাঁচটি। আর মঞ্জুর ১০৭ রান করতে খেলেছেন ১৪১ বল, যাতে সাতটি বাউন্ডারি ও দুটো ছক্কার মার। অবশ্য এখানে আরেক ওপেনার রাহিল মজিদের ৩৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসটার কথা না বললেই নয়, যেটি শুরু থেকেই স্বাগতিক বোলারদের চাপে রাখার পথ দেখিয়ে যায়। পরে দলকে শিরেপার পথ দেখানো মঞ্জুর আর লতিফই ভাগাভাগি করে নিয়েছেন সব পুরস্কার। সেঞ্চুরি করে ম্যান অফ দি ফাইনাল মঞ্জুর। আর ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি লতিফ ছাড়া আর কারো হাতেই বেশি মানাতো না। তবে শিরোপা জিতবেন কিনা তা নিয়ে লতিফকে ভীষণ দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন নাসির হোসেন ও মুশফিকুর রহিম। ওপেনার শামসুর রহমান শুভ (৩৭), ফরহাদ হোসেন (২৬) ও অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়ররা (২২) ভালো শুরু করলেও বড় ইনিংসে রূপ দিতে পারেননি। সুবাদে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকরা এক পর্যায়ে ১২৪ রানে ৫ উইকেট হারানো দলে পরিণত হয়। এবং সেই সঙ্গে ম্যাচের ভাগ্যও অনেকটা ঝুলে যায় পাকিস্তানের দিকে। সেখান থেকে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘোরায় নাসির ও মুশফিকের ৯৩ রানের ষষ্ঠ উইকেট জুটি। কিন্তু ৩ রানের মধ্যে দু'জনের বিদায়ে হাঁফ ছেড়ে বাঁচে পাকিস্তান। ৫২ রান করে রানআউটের দুর্ভাগ্যে কাটা পড়েন নাসির। আর ৫৬ রান করা মুশফিক দেন ক্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.