ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিপক্ষ হিসেবে এখন পর্যন্ত শুধু ছোটো দলগুলোকেই পেয়েছেন তারা। এবং তাদের রীতিমতো উড়িয়েও দিয়েছেন। কিন্তু বড় দলের বিপক্ষে খেলার পরীক্ষা এখনো দিতে হয়নি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে। এবার কলম্বোয় অনুষ্ঠেয় এশিয়া কাপে সেই পরীক্ষাটাই দিতে যাচ্ছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। অবশ্য এটাকে সুবিধাই ধরে নিচ্ছেন অধিনায়ক সালমা, "হয়তো বড় দলের বিপক্ষে এখনো পরীক্ষিত নই আমরা। তবুও আমরা কিছু ম্যাচ জেতার আশা রাখি। প্রতিপক্ষ আমাদের নিয়ে যেমন পুরো অন্ধকারে আছে, তেমনি আমরাও ওদের নিয়ে। এটা আমাদের জন্য একটা সুবিধাও হতে পারে।"
২৬ এপ্রিল কলম্বো যাচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তার আগে মঙ্গলবার তারা ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সম্মিলিত প্রাইভেট ক্রিকেট একাডেমী একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৩ রানে জিতেছে। ম্যাচশেষে অফস্পিনার কাম মিডল অর্ডার ব্যাটসম্যান সালমা জানালেন কলম্বোতে তার দল চমকে দেয়ার মতো কিছু করার সামর্থ রাখে, "আমাদের বোলিংটচা খুব শক্তিশালী। বিশেষ করে স্পিন বোলিং। ব্যাটিংটাও মন্দ নয়। ফিল্ডিংয়ে যদি আমরা আরো উন্নতি করতে পারি, তাহলে প্রতিপক্ষকে চমকে দিতে পারবো আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২১১৮ ঘ.
bdnews24