জয়পুর, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যুবরাজ এবং প্রীতি জিনতার পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে শেন ওয়ার্ন এবং ললিত মোদির দল রাজস্থান রয়ালস। প্রীতি জিনতা পাঞ্জাবের দলটির অন্যতম বিনিয়োগকারী, যুবরাজ মাঠের অধিনায়ক। আইপিএল-এর প্রধান কর্তাব্যক্তি ললিত মোদির দল হলো রাজস্থান রয়ালস, শেন ওয়ার্নকে তিনি নিয়ে এসেছেন দলের কোচ কাম অধিনায়ক হিসেবে। দ্বিতীয় ম্যাচেই প্রত্যাশার প্রতিদান দিলেন ওয়ার্ন। তার ১৯ রানে ৩ উইকেটের সুবাদেই পাঞ্জাবের ইনিংস ১৬৬ রানের বেশি হয়নি। কিন্তু তাতেও চলত, যদি না শেন ওয়াটসন ৪৯ বলে ৭৬ রানের এমন ইনিংসটা না খেলতেন। সুবাদেই পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে আইপিএল-এ তাদের প্রথম জয় তুলে নিয়েছে রাজস্থান রয়ালস।
সাঙ্গাকারা করেছেন ২০, মাহেলা জয়াবর্ধনে মাত্র ২। দলের প্রধান দুই স্তম্ভের এমন ব্যর্থতায় দায়িত্বটা পুরো চেপেছিল যুবরাজের কাঁধে। ভারতকে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো যুবরাজ সিং সেই দায়িত্ব পালন করেছেন ৩৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে। কিন্তু তিনি ফিরে যাওয়ার পর আর সেভাবে এগোয়নি পাঞ্জাবীদের রানের চাকা। এগোতে দেননি আসলে ওয়ার্ন, ১৯ রানে ৩ উইকেট নিয়ে।
১৬৭ এমন কোনো স্কোর নয়, কিন্তু ১৯ রানের মধ্যে মোহাম্মদ কাইফ এবং ইউসুফ পাঠান ফিরে গেলে চাপের মুখে পড়ে রয়াল চ্যালেঞ্জার্স। ৪৮ রানের মাথায় কামরান আকমলও ফিরে গেলে পাঞ্জাবীদের সম্ভাবনার পাল্লাটাই ভারী হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই দায়িত্বটা নিজের করে নেন ওয়াটসন। ৪৯ বলে ৫টি করে চার ও ছক্কায় সাজানো ইনিংসটিতেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের গতিপথ। ১১ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৩৩০ঘ.
bdnews24