ঢাকা, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- হতাশার এক সফরেশেষে দেশে ফিরে তার সতীর্থরা যখন প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে খেলার মানসিক প্রস্তুতি নিচ্ছেন, তখন আব্দুর রাজ্জাকের অবস্থা ভিন্ন। তাকে ভাবতে হচ্ছে ক্রিকেটের নতুন বিপ্লব বলে পরিচিতি পেয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। সেখানে এই বাঁ হাতি স্পিনারই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে ২৩ এপ্রিল ভারতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
অবশ্য যাওয়ার আগে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হবে। সেটা দেওয়ার আগে বিসিবি রাজ্জাকের ক্লাব মোহামেডানের কাছ থেকেও এনওসি চাইবে। দুটোর কোনোটাই তার না পাওয়ার কথা নয়। তবে রাজ্জাক যেহেতু সুপার লিগে খেলতে পারবেন না এবং তার পেছনে ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা গুণতে হয়েছে, এটার একটা রফা আগে করে নিতে চায় মোহামেডান। ক্রিকেট কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর আগেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, কিছু টাকা তারা রাজ্জাকের কাছে ফেরত চাইবেন। এ প্রসঙ্গ তোলার পর রাজ্জাক বললেন, "আগামীকাল (মঙ্গলবার) ক্লাবের কাছে এনওসি আনতে যাবো। যাই হোক না কেন, তাদের সঙ্গে আলোচনা না করে তো কিছু বলতে পারবো না। আগে ক্লাবে যাই। দেখা যাক এরপর কী হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24