দিল্লী, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩০ রান টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। শনিবার আইপিএল-এ শেন ওয়ার্নের রাজস্থান রয়েলসের বিপক্ষে এই লক্ষ্যে পৌঁছাতে একটুও সমস্যা হয়নি বীরেন্দর শেবাগের দিল্লী ডেয়ারডেভিলসের। বোলারদের কৃতিত্বে প্রথমে রাজস্থানকে ৮ উইকেটে ১২৯ রানে আটকে রাখে শেবাগের দল। তার পর গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ানের দুটো অপরাজিত ফিফটিতে ২৯ বল হাতে রেখে ১ উইকেট হারিয়েই পৌঁছে যায় লক্ষ্যে।
দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা রাজস্থান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সর্বোচ্চ ২৯ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত থেকে যান দীনেশ সালুংখে। ৪ ওভারে মাত্র ১১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে রাজস্থানকে বড় সংগ্রহ গড়তে না দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা শ্রীলঙ্কার পেসার ফারভিজ মাহারুফের। ১৭ রানে ২ উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক পেসার রজত ভাটিয়া।
জবাবে দলীয় ২০ রানে অধিনায়ক শেবাগকে (১২) হারালেও জয়ের জন্য একটুও ভাবতে হয়নি দিল্লীকে। গম্ভীরের ৪৬ বলে ৫৮ এবং ধাওয়ানের ৪১ বলে ৫২ রান ৯ উইকেটে সহজ জয় এনে দিয়েছে তাদেরকে। ম্যাচের সেরা অবশ্য তারা কেউ নন, দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসাবে পুরস্কারটা উঠেছে মাহরুফের হাতে।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৩০ঘ.
bdnews24