২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ রানে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

সিরিজ শুরুর আগে মোহাম্মদ আশরাফুলদের স্বপ্ন ছিল একটা-দুটো অঘটন। চতুর্থ ম্যাচে চতুর্থ পরাজয়ের পর সেই স্বপ্ন প্রায় ভেঙ্গে খানখান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 05:30 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

করাচি, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজ শুরুর আগে মোহাম্মদ আশরাফুলদের স্বপ্ন ছিল একটা-দুটো অঘটন। চতুর্থ ম্যাচে চতুর্থ পরাজয়ের পর সেই স্বপ্ন প্রায় ভেঙ্গে খানখান। তবু হোয়াইটওয়াশ এড়ানোর যেটুকু সম্ভাবনা ছিল তা-ও হাওয়ায় মেলায় শনিবার পঞ্চম ম্যাচে পাকিস্তানের রেকর্ড-স্কোরের জবাব দিতে নেমেই বাংলাদেশ আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ায়। শেষপর্যন্ত ৪০.৫ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে ১৫০ রানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টানা এগারো ম্যাচ জিতে দেশকে বিরতিহীন জয় এনে দেয়ায় ইমরান খানকে ম্লান করার তৃপ্তি নিয়ে সিরিজ শেষ করেছেন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক। তাকে এমন খুশির উপলক্ষ এনে দেয়ায় সালমান বাটের সেঞ্চুরির অবদানই সবচেয়ে বেশি। ম্যাচসেরার পুরস্কারটা তারই। তবে বল হাতে মোহাম্মদ আসিফ (৩/৩৫), শহীদ আফ্রিদি (৩/৪০), ওয়াহাব রিয়াজ (২/২৩) আর উমর গুলের ২/৪০) অবদানও খুব কম নয়। তাদের কারণেই তো তামিম (৮), জুনায়েদ (৬), আফতাব (০), সাকিব (৫), আশরাফুল (৩০), মাহমুদুল্লাহ (৩৭), ফরহাদ রেজা (১), ধীমান ঘোষ (২৯), মাশরাফি (২), রাজ্জাক (৩৩) আর শাহাদাতের (৯*) ব্যর্থতা প্রকট হয়ে উঠেছে, বাংলাদেশকেও আবার হারতে হয়েছে বড় ব্যবধানে। এর আগে সালমান বাটের সিরিজে দ্বিতীয় ও ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির (১৩৬) সঙ্গে ইউনিস খানের ফিফটি (৬৯) আর কয়েকটি ছোটখাটো ঝড়ো ইনিংস যোগ হওয়ায় পঞ্চম ও শেষ ওয়ানডেতে শুধু বড় নয়, ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ স্কোরই পেয়ে যায় টস জিতে ব্যাট করা পাকিস্তান। ৫০ ওভারে ৯ উইকেটে ৩২৯ রান করে তারা। ৪৭ বলে ফিফটিতে পৌঁছানোর পর ৫৭ রানে সাকিবের বলে মিড অনে একটা সুযোগ দিয়েছিলেন সালমান। বেশ কঠিন ক্যাচ। সেটা হাতে জমাতে পারেননি মাশরাফি। সেই সুযোগ কাজে লাগিয়ে সালমান ঠিক ১০০ বলে ১০০ করে শেষ পর্যন্ত দলকে খুব স্বস্তির জায়গায় পৌঁছে দিলেও দিনের শুরুতে কিন্তু বাংলাদেশের জন্যও ভালো করার সম্ভাবনা ছিল। অবশ্য শুরুতেই দুটো বাউন্ডারি মেরে হুমকি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কামরান আকমল। কিন্তু তাকে বেশি দূর যেতে দেননি মাশরাফি। আকমলকে (১০) ইনিংসের পঞ্চম (নিজের তৃতীয়) ওভারের শেষ বলে স্লিপে জুনায়েদের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তিনি। তারপর সালমান আর ইউনিসের ১৭৯ রানের জুটি, যা ম্যাচ থেকে বাংলাদেশকে আবার ছিটকে দেয়ার আশঙ্কা জাগায়। আশঙ্কাটাকে সত্যি করতে মোহাম্মদ ইউসুফ (২২), শোয়েব মালিক (২৭) ও মিসবাহ-উল হক (৩৫) অল্প-স্বল্প অবদান রেখেছেন। তাতেই ২০০৩ সালে মুলতানে করা ৩ উইকেটে ৩২৩ রানকে ছাড়িয়ে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ স্কোর পেয়ে যায় পাকিস্তান। মাশরাফি (৪/৬৫), শাহাদাত (৩/৭৬) আর রাজ্জাকের (২/৫৬) শেষ দিকের সাফল্যগুলো দলের জন্য কোনো আশার আলো হতে পারেনি। বাংলাদেশ আগের ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও প্রথম চার ম্যাচ জেতা পাকিস্তান বাজিদ খান, ফাওয়াদ আলম ও সোহেল খানের জায়গায় নিয়েছে নোমানুল্লাহ, ইউনিস খান ও ওয়াহাব রিয়াজকে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ডানহাতি ব্যাটসম্যান নোমানুল্লাহর। বাংলাদেশ : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক ও শাহাদাত হোসেন। পাকিস্তান : শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, কামরান আকমল, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ, নোমানুল্লাহ, মিসবাহ-উল হক, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও মোহাম্মদ আসিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩২৫ ঘ.