২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল হাসির কাছে হেরে গেল যুবরাজ সিংয়ের দল

আগের দিন ব্যাঙ্গালোর দেখেছিল ব্রেন্ডন ম্যাককালাম-ঝড় আর সেই সুবাদে সৌরভ গাঙ্গুলীর কোলকাতা নাইটরাইডার্সের বড় জয়। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি হয়েছে, তবে মাইকেল হাসির ৫৪ বলে ৮ চার আর ৯টি ছক্কায় করা অপরাজিত ১১৪-এর পরও খুব সহজ জয় পায়নি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪০ রানের জবাবে ৪ উইকেটে ২০৭ রান করায় ৩৩ রানে হেরেছে যুবরাজ সিংয়ের কিংস ইলেভেন পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

চন্ডিগড়, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন ব্যাঙ্গালোর দেখেছিল ব্রেন্ডন ম্যাককালাম-ঝড় আর সেই সুবাদে সৌরভ গাঙ্গুলীর কোলকাতা নাইটরাইডার্সের বড় জয়। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি হয়েছে, তবে মাইকেল হাসির ৫৪ বলে ৮ চার আর ৯টি ছক্কায় করা অপরাজিত ১১৪-এর পরও খুব সহজ জয় পায়নি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তাদের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৪০ রানের জবাবে ৪ উইকেটে ২০৭ রান করায় ৩৩ রানে হেরেছে যুবরাজ সিংয়ের কিংস ইলেভেন পাঞ্জাব। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে টস জিতে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। শুরুটা খুব একটা ভালো হয়নি। সপ্তম ওভারের মধ্যেই ফিরে যান দু ওপেনার পার্থিব প্যাটেল (১০ বলে ১৫) আর ম্যাথু হেইডেন (১৭ বলে ২৬)। তারপরও হাসির দাপটে এ আসরের এ পর্যন্ত সবচেয়ে বড় স্কোরই পেয়ে যায় চেন্নাই। অধিনায়ক ধোনি (২) না পারলেও সুরেশ রায়না (১৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩২), জ্যাকব ওরাম (১০ বলে ১৩) আর সুব্রামনিয়াম বদ্রিনাথ (১৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩১) ম্যাচের চরিত্র অনুযায়ী ব্যাট করায় দিব্যি হেসে-খেলেই ২০ ওভার শেষ করে তারা। অন্যদিকে প্রতিপক্ষ বোলার ইরফান পাঠান (২/৪৭), ব্রেট লি (১/৩৪), জেমস হোপস (১/৫৩), শ্রীশান্তদের (০/৩৫) প্যাভিলিয়নে ফিরতে হয় হতাশা নিয়ে। সেই হতাশা ম্যাচ শেষেও দলবদল করেনি। মাইকেল হাসির দানবীয় ইনিংসের জবাবে হোপস (৩৩ বলে ৭১), সাঙ্গাকারা (৩৩ বলে ৫৪), যুবরাজ সিং (১৩ বলে ২৩) আর সাইমন ক্যাটিচের (২১*) আপ্রাণ চেষ্টা শেষবিচারে অপ্রতুলই থেকে যায়। মুরালিধরন (১/৩৩), যোগীন্দর শর্মারা (১/৪৭) বেশি উইকেট হয়তো পাননি, তবে নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন ঠিকই। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩২৮ ঘ.