২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে স্ট্যানফোর্ডের ঈর্ষণীয় প্রস্তাব

পাঁচটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জন্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব! সন্দেহ নেই প্রস্তাবটা চমকে দেয়ার মতো। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে এমন ঈর্ষণীয় প্রস্তাবই রাখলেন মার্কিন ধনকুবের অ্যালেন স্ট্যানফোর্ড। ওয়েস্ট ইন্ডিজ অল-স্টার দলের সঙ্গে পাঁচটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য এমন লোভনীয় প্রস্তাব দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

লন্ডন, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাঁচটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জন্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব! সন্দেহ নেই প্রস্তাবটা চমকে দেয়ার মতো। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে এমন ঈর্ষণীয় প্রস্তাবই রাখলেন মার্কিন ধনকুবের অ্যালেন স্ট্যানফোর্ড। ওয়েস্ট ইন্ডিজ অল-স্টার দলের সঙ্গে পাঁচটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য এমন লোভনীয় প্রস্তাব দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের 'ক্ষয়িষ্ণু' ক্রিকেটে এখন স্ট্যানফোর্ডের আসন প্রায় দেবতার মতো। অর্থাভাবে ক্যারিবীয় ক্রিকেটের যখন মুমূর্ষু অবস্থা ঠিক তখনই ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলোতে তিনি হাজির হয়েছেন দু-হাত-ভরা টাকা নিয়ে। গত বছর ক্যারিবীয় অঞ্চলে একটি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য ১০ কোটি ডলার দিয়েছেন টেক্সাসের এই বিলিওনিয়ার! শর্ত শুধু একটাই --- টুর্নামেন্টটা অন্তত তিন বছরের জন্য চালাতে হবে। ক্যারিবিয়ানে বিজয়-নিশান ওড়ানোর পর এখন তার লক্ষ্য ইংল্যান্ডের দিকে। ওয়েস্ট ইন্ডিজকে অবশ্য উপেক্ষা করেননি। তার নিজের অর্থানুকুল্যে গড়া ওয়েস্ট ইন্ডিজ অল-স্টার দলের সঙ্গে ইংল্যান্ডের লড়াইয়ের ব্যাপারে অনেক দূর এগিয়েও গেছেন স্ট্যানফোর্ড। ইসিবি'র প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ারের সঙ্গে কথাও বলেছেন এ সম্পর্কে। পাঁচটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জন্য ১০ কোটি ডলারের চোখধাঁধানো প্রস্তাবও দিয়েছেন ইতিমধ্যে। যেখানে প্রত্যেক ম্যাচের বিজয়ী দল পাবে ২ কোটি ডলার! এবং স্ট্যানফোর্ডের বিশ্বাস বার্ষিক আয়োজনের এই প্রতিযোগিতা ইংল্যান্ডের ক্রিকেটারদের মিলিওনিয়ারেই পরিণত করবে। স্ট্যানফোর্ডের নিজের মাঠ ও 'ক্রিকেটের মক্কা' নামে খ্যাত লর্ডস ছাড়াও পর্যায়ক্রমে আলাদা ভেন্যুতে টুর্নামেন্টটা আয়োজন করতেই তিনি আগ্রহী। ইসিবি প্রধানের সঙ্গে কথা বলার পর স্ট্যানফোর্ড জানিয়েছেন, "প্রথম ম্যাচ এবং ভবিষ্যতে কিভাবে আমরা এক সঙ্গে এটা আয়োজন করতে পারি সে সম্পর্কে আমি ডেভিডের (কোলিয়ার) সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে এটা বার্ষিক আয়োজন হতে পারে। হয়তো ২০০৯ সালে আমরা লর্ডসে (একটা ম্যাচ) এবং এর পর পর্যায়ক্রমে (অন্য ম্যাচগুলো) আয়োজন করতে পারি। পাঁচ বছরের জন্য আয়োজন করতে পারলে আমি খুশিই হবো।" আর ১০ কোটি ডলারের প্রস্তাব প্রসঙ্গে তার দৃঢ়তাপূর্ণ মন্তব্য, "আমি কাজটা করতে ভীষণ আগ্রহী। টাকাটা আসল এবং আমার ধারণা আমরা এতে সাফল্য পাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৫৬ঘ.