২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪০ রানে জিতেছে গাঙ্গুলীর কোলকাতা নাইটরাইডার্স

ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে ভর করে কোলকাতা নাইটরাইডার্স যখন রানের পাহাড় গড়ছে জ্যাক ক্যালিস, জহির খান, সুনীল যোশিদের তখন বোলারই মনে হয়নি, অথচ রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাট করতে নামতেই অন্য চিত্র। ইশান্ত শর্মা (১/৭), অজিত আগারকার (৩/২৫) আর অশোক দিন্দাদের (২/৯) বোলিংয়ে ১৫.১ ওভারে মাত্র ৮২ রানে অল আউট দ্রাবিড়ের দল, যার অর্থ ১৪০ রানের জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করেছে কোলকাতা নাইটরাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ব্যাঙ্গালোর, ১৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে ভর করে কোলকাতা নাইটরাইডার্স যখন রানের পাহাড় গড়ছে জ্যাক ক্যালিস, জহির খান, সুনীল যোশিদের তখন বোলারই মনে হয়নি, অথচ রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাট করতে নামতেই অন্য চিত্র। ইশান্ত শর্মা (১/৭), অজিত আগারকার (৩/২৫) আর অশোক দিন্দাদের (২/৯) বোলিংয়ে ১৫.১ ওভারে মাত্র ৮২ রানে অল আউট দ্রাবিড়ের দল, যার অর্থ ১৪০ রানের জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করেছে কোলকাতা নাইটরাইডার্স। আইপিএল-এর প্রথম আসরের প্রথম দিনে ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরিই আগেভাগেই শেষ করে দেয় ম্যাচ। নিউজিল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ৭৩ বলে ৯ টি চার ও ১৪টি ছক্কায় সাজানো অপরাজিত ১৫৮ রানের ইনিংসের সুবাদে ৩ উইকেটে ২২২ রান করে কোলকাতা নাইটরাইডার্স যার জবাব দেয়ার সাধ্য যে দ্রাবিড়-ক্যালিসদের আছে তা একবারও মনে হয়নি। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আয়োজিত টুর্নামেন্ট আইপিএল-এর প্রথম ম্যাচে রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে সৌরভ গাঙ্গুলীর কোলকাতা নাইট রাইডার্স। শুরুতে মাত্র ১০ রান করে গাঙ্গুলী জহির খানের বলে জ্যাক ক্যালিসের ক্যাচ হলেও ম্যাককালাম-ঝড় থামাতে না পারায় পুরো ২০ ওভারই মাঠজুড়ে অসহায় ছুটোছুটিাই করতে হয় ব্যাঙ্গালোর রেঞ্জার্সের বোলার-ফিল্ডারদের। ২০ বলে ২০ রান করে রিকি পন্টিং জ্যাক ক্যালিসের আর আরেক অস্ট্রেলিয়ান ডেভিড হাসি ১২ বলে ১২ রান করে অ্যাশলে নফকের শিকার হলেও সেসব আঘাতকে গায়ে মাখেনি 'বলিউড কিং' শাহরুখ খানের কোলকাতা নাইটরাইডার্স। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের চেনা-জানা যে কোনো আসরে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মেরে সবচেয়ে বড় ইনিংস খেলে রাহুল দ্রাবিড়দের বড় কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন ম্যাককালাম। কিন্তু ওই চ্যালেঞ্জের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। একমাত্র প্রভিন কুমার (১৮*) ছাড়া রাহুল দ্রাবিড় (২), ওয়াসিম জাফর (৬), কোহলি (১), জ্যাক ক্যালিস (৮), ক্রেইগ হোয়াইট (৬), মার্ক বাউচার (৭), অখিল (০), নফকে (৯), জহির খানদের (৩) কেউই দু অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় ৮২ রানেই গুটিয়ে যায় তারা। ম্যান অব দ্য ম্যাচ কে হয়েছেন? ম্যাককালাম এমন অসাধারণ এক ইনিংস খেলার পর সেই প্রশ্ন কি আদৌ ওঠে! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ এমএইচবি /০১১৪ ঘ.