২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের কাছে টাকা ফেরত চাইবে মোহামেডান

জাতীয় স্বার্থে মোহামেডান ক্লাব ছাড় দিতে তৈরি হয়েই আছে। অবশ্য চলতি ক্রিকেট মৌসুমের জন্য আব্দুর রাজ্জাকের পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ হয়ে যাওয়াটাও আছে ক্লাব-কর্তাদের ভাবনায়। দুয়ে মিলে সিদ্ধান্তটা এরকম যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধির খেলতে যাওয়ায় তারা বাঁধা হবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় স্বার্থে মোহামেডান ক্লাব ছাড় দিতে তৈরি হয়েই আছে। অবশ্য চলতি ক্রিকেট মৌসুমের জন্য আব্দুর রাজ্জাকের পেছনে মোটা অঙ্কের অর্থ খরচ হয়ে যাওয়াটাও আছে ক্লাব-কর্তাদের ভাবনায়। দুয়ে মিলে সিদ্ধান্তটা এরকম যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধির খেলতে যাওয়ায় তারা বাঁধা হবেন না। তবে এই বাঁ হাতি স্পিনারকে দেওয়া এককালীন অর্থের একটা অংশ তারা ফেরত চাইবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এমনই জানিয়েছেন মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। নিয়মানুযায়ী আইপিএলে খেলতে হলে একজন ক্রিকেটারকে তার নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নিতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রাজ্জাককে সেটা দেবে। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান গাজী আশরাফ লিপু একটা শর্ত জুড়ে দিচ্ছেন এখানে, "মোহামেডান ওকে ছাড়বে কিনা, এটা আমাদের আগে জানতে হবে।" বাংলাদেশ দল পাকিস্তান থেকে দেশে ফিরলেই সুপার লিগ। এই অবস্থায় রাজ্জাককে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের হয়ে খেলার জন্য মোহামেডান ছাড়বে কিনা এমন একটা সংশয় তাই ছিলই। যেটা একেবারেই উড়িয়ে দিয়েছেন আলমগীর, "আমরা রাজ্জাককে আটকে রাখবো না। বরং ভারতে গিয়ে খেলার ব্যাপারে উৎসাহিতই করবো। এটা তো জাতীয় স্বার্থ। রাজ্জাক যদিও এখনো আমাদের কাছে এনওসি চায়নি। তবে এনওসি দেওয়ার বিষয়ে মানসিক প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।" রাজ্জাকের কাছ থেকে টাকা ফেরত চাওয়ার বিষয়ে তার ভাষ্য, "ক্লাব থেকে এমন একটা কথা উঠেছে। যেটা অযৌক্তিক কিছুও নয়। এককালীন অনেক টাকাই আমরা ওকে দিয়ে দিয়েছি। এখন সেখান থেকে দু-চার লাখ টাকা ফেরত চাওয়া হলে ওর রাজী হয়ে যাওয়া উচিত বলেই মনে করি আমি। আইপিএল থেকেও তো অনেক টাকা পাচ্ছে। যতোদূর শুনেছি অঙ্কটা ৩৫ লাখ। তবে এটাও বলে রাখছি, টাকা ফেরত চাইলেও আমরা কোনো জোর-জবরদস্তি করবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯০৯ঘ.