২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ উইকেটে জিতেছে পাকিস্তান

আব্দুর রাজ্জাকের সরাসরি থ্রোতে সালমান বাটের টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বপ্ন ভেঙ্গে গেছে ঠিকই, তবে এই ওপেনারের ৮৪ বলে ৭৪ রানের ইনিংস রানগতিকে এমন স্বাচ্ছন্দ্য করে গেছে যে, শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে পাকিস্তান। ৪৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে তারা (২১২/৩)। তবে বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা হয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করা সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

মুলতান, ১৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুর রাজ্জাকের সরাসরি থ্রোতে সালমান বাটের টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বপ্ন ভেঙ্গে গেছে ঠিকই, তবে এই ওপেনারের ৮৪ বলে ৭৪ রানের ইনিংস রানগতিকে এমন স্বাচ্ছন্দ্য করে গেছে যে, শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছে পাকিস্তান। ৪৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে তারা (২১২/৩)। তবে বাংলাদেশ হারলেও ম্যাচ সেরা হয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করা সাকিব আল হাসান। তৃতীয় ওয়ানডেতে ২৮৫ রান আশা জাগিয়েছিল অনেক। কিন্তু আশাভঙ্গের বেদনা জাগিয়ে বাংলাদেশ প্রথম দুই ম্যাচের ব্যাটিংয়েই ফিরে যাবে বলে মনে হচ্ছিল। ১০ রানে ৩, ৪৫ রানে ৫ এবং ৮৪ রানে ৭ উইকেট হারানোর পরও সেই ধারণা ভুল প্রমাণিত হওয়ার কারণ সাকিব আল হাসানের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। এবং মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে নবম উইকেটে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ। দুয়ে-মিলে আরেকবার পাকিস্তানের সহজ শিকার হওয়ার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশের ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ২১০ রানে পৌঁছে যাওয়া। অথচ দলকে ১০৯ রানে রেখে আব্দুর রাজ্জাক অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে আসার পর বাংলাদেশের গুটিয়ে যাওয়াকে কেবল সময়ের ব্যাপার বলে না ভাবার কোনো কারণই ছিল না। ইনিংসের প্রথম বলেই দুর্দান্ত এক এক্সট্রা কাভার ড্রাইভে তামিম ইকবালের বাউন্ডারি। মোহাম্মদ আসিফের করা প্রথম বলের এই চারের পর থেকে শুধু হতাশা আর হতাশা। পরিনামে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে টসজয়ী বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়। ২০ ওভার শেষে স্কোর ৭ উইকেটে ৮৪। এই চরম হতাশা আরো বাড়ে রাজ্জাকের বিদায়ে। কিন্তু এরপর থেকে আশার আলো জ্বালাতে শুরু করে সাকিব-মাশরাফি জুটি। সাকিবের সেঞ্চুরির মতো এই জুটিরও সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে যাচ্ছিল প্রায়। তা না হলেও রেকর্ড পার্টনারশিপ তাদের ঠিকই গড়া হয়ে গেছে। ২০০৪ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকের ৬২ রানই এতোদিন হয়েছিল নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। বুধবার তাদের ছাড়িয়ে সাকিব-মাশরাফি এনে দিলেন ৯৭ রান। আসিফের বলে লং অফে ফাওয়াদ আলমের ক্যাচ হওয়ার আগে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক করে গেছেন ৩৮ রান। তবে তার আগেই ১১৫ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছে গেছেন সাকিব। ৩০ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচের পাকিস্তানের সফলতম বোলার সোহেল খানের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করে গেছেন ১০৮ রান। যাতে আছে আটটি বাউন্ডারির মার। লাহোরে সিরিজের তৃতীয় ম্যাচেও ৭৫ রান করা সাকিবের ব্যাট থেকে এই ইনিংসটা বেরিয়ে না আসলে আবারো অল্প সংগ্রহের লজ্জাতেই পড়তে হত বাংলাদেশকে। ব্যাটসম্যানরা তেমন কিছুর ক্ষেত্রও প্রস্তুত করে ফেলেছিলেন। ইনিংসের দ্বিতীয় এবং উমর গুলের প্রথম ওভারের তৃতীয় বলেই কট বিহাইন্ড হয়ে যান শাহরিয়ার নাফীসের ব্যর্থতায় এই সিরিজে প্রথম খেলার সুযোগ পাওয়া জুনায়েদ সিদ্দিকী (০)। তিন নম্বরে নামা আফতাব আহমেদও বেশিক্ষণ রোদে পোড়েননি। গুলের সেই ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে মিসবাহ-উল হককে ক্যাচ দিয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে তাকে। আশা ছিল যাকে নিয়ে, আগের দুই ম্যাচে ফিফটি করা সেই তামিমও (১০) একটু ঝলক দেখিয়ে আউট। ম্যাচের তৃতীয় ওভারের শেষ বলে তাকে ব্যাকওয়ার্ড পয়েন্টে সালমান বাটের ক্যাচ বানিয়ে ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা উদযাপন করেন আসিফ। দলের বিপর্যয়ের মুহুর্তে ভরসা হতে আবার ব্যর্থ অধিনায়ক। কোচ জেমি সিডন্সের ভালো খেলার আহ্বানের কোনো মর্যাদাই রাখতে পারেননি মোহাম্মদ আশরাফুল। মাত্র ৪ রান করে গুলের (৩/৪৮) বলে স্লিপে মিসবাহর হাতে ধরা পড়ে তার বিদায়ে ১৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। তারপর দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। জুটিতে ২৯ রান তোলার পর মাহমুদুল্লাহও (৯) বোল্ড হয়ে যান সোহেল খানের বলে। ওয়ানডেতে সোহেলের দ্বিতীয় সাফল্যের পর ৩৭ রানের জুটি গড়ে উঠেছিল সাকিব (৩৮*) আর ফরহাদ রেজার (১৪) মধ্যে। কিন্তু সোহেল খান ফরহাদকে উইকেটের পেছনে ক্যাচ বানানোর পরের ওভারে ধীমানকেও (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন আফ্রিদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২৩৩৯ ঘ.