চেন্নাই, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য ক্যারিয়ারে কখনো একটিই মাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবু ক্রিকেটের নবতম সংস্করণের প্রশংসায় পঞ্চমুখ মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কার স্পিন-জাদুকরের বিশ্বাস ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের আসল চেহারাই প্রতিফলিত হবে টোয়েন্টি টোয়েন্টিতে।
আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এ অংশ নিতে মুরালিধরন এখন চেন্নাইয়ে। বহুল আলোচিত টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটিতে তিনি অংশ নেবেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে। মঙ্গলবার চিদাম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিস সেশন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'মুরালি' জানালেন আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ সম্পর্কে তার ভাবনার কথা, "টোয়েন্টি টোয়েন্টিতেই আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত চেহারা লুকিয়ে। এবং এটাকে গ্রহণ করতে আমার কোনো দ্বিধা নেই।"
অনেকেরই ধারণা টোয়েন্টি টোয়েন্টিতে স্পিনারদের ভালো করা সবচেয়ে কঠিন কাজ। কিন্তু এই ধারণার সঙ্গে ঠিক একমত নন মুরালিধরন। টেস্টে সর্বোচ্চ ৭৩৫ উইকেটের মালিক বরং মনে করেন ব্যাটসম্যানদেরই এখানে সবচেয়ে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়। কারণ ২০ ওভারের ম্যাচ বলে উইকেটে সেট হওয়ার জন্য খুব কম সময়ই পায় ব্যাটসম্যানরা।
আরেকটি ব্যাপারেও তিনি নিশ্চিত। তার মতে এই ব্যস্ত সময়ে বিনোদনের জন্য টোয়েন্টি টোয়েন্টির দিকেই ঝুঁকে পড়বে সাধারণ ক্রিকেট-ভক্তরা, "কোনো ক্রিকেটার হয়তো বলতে পারে যে টেস্টই হলো ক্রিকেটের শেষ কথা। কিন্তু আজকের দিনে খুব বেশি লোক টেস্ট ম্যাচ দেখার জন্য পাঁচ দিন ব্যয় করতে পারে না। অথচ তাদের বিনোদন দরকার। আর টোয়েন্টি টোয়েন্টি সেটাই দিতে পারবে তাদের।"
পিটিআই-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫৫ঘ.
bdnews24