২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলের ছক্কায় শ্রীলঙ্কাকে ১ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ

শেষ বলে দরকার ছয় রান। হাতে আছে ১ উইকেট। সে অবস্থায় শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরার লোকের অভাব হওয়ার কথা নয়। কিন্তু বৃহস্পতিবার শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৩৫ রান করেছিল শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

পোর্ট অব স্পেন, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ বলে দরকার ছয় রান। হাতে আছে ১ উইকেট। সে অবস্থায় শ্রীলঙ্কার পক্ষে বাজি ধরার লোকের অভাব হওয়ার কথা নয়। কিন্তু বৃহস্পতিবার শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতেছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৩৫ রান করেছিল শ্রীলঙ্কা। এমনিতে ছোটখাটো স্কোর মনে হলেও তা নিয়েই ম্যাচ প্রায় জিতে নিয়েছিল মাহেলা জয়াবর্ধনের দল। শুধু শেষ বলে শিবনারাইন চন্দরপলের ছক্কাই ১ উইকেটে হারিয়ে দিয়েছে তাদের! বারবার ভাগ্যের দিকবদলের এ ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান উইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উদাওয়াতেকে বোল্ড করে প্রথম আঘাত হানেন ফিদেল এডওয়ার্ডস। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৯। থারাঙ্গা (১০), উদাওয়াতে (০), সাঙ্গাকারা (২৩), জয়াবর্ধনে (১) আর দিলশান (২) আউট। চামারা সিলভা আর কাপুগেদারা অনন্যোপায় হয়ে নতুন করে শুরু করলেন ইনিংস মেরামতের কাজ। ১৪.৫ থেকে ৪৬.২ অর্থাৎ ৩১.৩ ওভার ধরে কাজটা তারা করলেন এবং করলেন খুবই সুচারুরূপে। তারপর ৯৬ বলে ৬৭ রান করে চামারা সিলভা ডোয়াইন ব্রাভোর চতুর্থ শিকার হলেন ঠিকই, তার আগে ষষ্ঠ উইকেটে ১৫৯ রান তুলে শ্রীলঙ্কাকে রেখে গেলেন বেশ স্বস্তিদায়ক (২০৮/৬) অবস্থায়। শেষ দিকে চার-ছয়ের তোড়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরি প্রায় পেয়েই গিয়েছিলেন কাপুগেদারা। ৮১ বলে ফিফটি থেকে পরের ৩৫ বলে ৪৫ রান করে অনায়াসে পৌঁছে গিয়েছিলেন ৯৫ রানে। কিন্তু পরের বলেই ফিদেল এডওয়ার্ডসের ইয়র্কারে এলবিডব্লু হওয়ায় শেষ হয়ে যায় তার ৭টি চার আর দৃষ্টিনন্দন ৩টি ছক্কায় সাজানো ইনিংস। ২৩৬ রানের টার্গেটের দিকে যাত্রাটা বেশ সাবধানেই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। গেইল-ডোয়াইন স্মিথের উদ্বোধনী জুটিতে ১৩.৩ ওভারে ওঠে ৫৩ রান। দ্বিতীয় উইকেটে সারওয়ানকে নিয়েও ৫৬ রানের জুটি গড়েন গেইল। কিন্তু তারপর সারওয়ান (৩৫) আর স্যামুয়েলস (০) কুলাসেকারার এক ওভারেই ফিরে যাওয়ায় ছোটখাটো একটা ধস নামে ইনিংসে। একটু পরে গেইলও (৫২) মেন্ডিসের বলে এলবিডব্লু। ১ উইকেটে ১০৯ থেকে দেখতে দেখতে স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১১০। একটু আগেও যেখানে সহজ জয়ের দিকে এগোচ্ছিল ওয়েস্টইন্ডিজ, তখন তারা ব্যাক ফুটে। ব্রাভোর ব্যাটিং দেখে অবশ্য বিপদ খুব একটা বোঝা যায়নি। ৩টি চার আর ২ টি ছক্কায় ৩৬ রান করে শ্রীলঙ্কান বোলার-ফিল্ডারদেরই বরং বিপদে ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই অল রাউন্ডার। তবে দুর্ভাগ্যজনক রান আউটের মাধ্যমে তার ৩৭ বলের ইনিংস শেষ হওয়ায় আবার ম্যাচে ফিরে আসে সফরকারীরা। শেষদিকে পেন্ডুলাম হেলে ছিল তাদের দিকেই। ব্রাউন (১৫), স্যামি (১), জেরোম টেলর (৯), বেনকে (০) হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন পরাজয়ের দ্বারপ্রান্তে। শেষ ওভারের পঞ্চম বলে বেন রান আউট হওয়ায় ম্যাচ ও চামিন্ডা ভাসের শেষ বলে দরকার ছয় রান। ফ্লিক করে মিডউইকেটের ওপর দিয়ে বল সীমানা পার করিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন শিবনারাইন চন্দরপল। তার ৬৩ বলে হার না মানা ৬২ রানের ইনিংস ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। চন্দরপলের ছক্কায় ম্যাচের নিষ্পত্তি হলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ডোয়াইন ব্রাভো। ৩২ রানে ৪ উইকেট নেয়ার পর ৩৭ বলে ৩৬ রান করে চন্দরপলকে ছাপিয়ে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১৪৫৯ ঘ.