কানপুর, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দুই দশকে দেশের মাঠে মাত্র দুটো টেস্ট সিরিজেই হার মেনেছে ভারত। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর তার চার বছর আগে দক্ষিণ আফ্রিকার কাছে। গ্রায়েম স্মিথের দলের হাতে কি তাদের তৃতীয় তিক্ত অভিজ্ঞতাটা হতে যাচ্ছে? দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিন্তু দারুণ আত্মবিশ্বাসী। শুক্রবার থেকে কানপুরে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের আগে প্রোটিয়া অধিনায়ক জানিয়ে দিলেন, ভারতকে সিরিজ হারের লজ্জা উপহার দিতে তার দল পুরোপুরি প্রস্তুত।
গত নভেম্বরে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জয় এবং গত মাসে বাংলাদেশকে বিধ্বস্ত করায় দক্ষিণ আফ্রিকা এখন অন্য ধরনের এক হ্যাটট্রিকের মুখোমুখি। কানপুরে ড্র করতে পারলেই উপমহাদেশে টানা তিনটি টেস্ট সিরিজ জয় নিশ্চিত হবে তাদের। আর জিতলেই প্রয়াত হানসি ক্রনিয়েকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি টেস্ট (২৮টি) জয়ের রেকর্ডের অধিকারী হবেন স্মিথ।
আহমেদাবাদে স্বাগতিকদের ইনিংস ও ৯০ রানে উড়িয়ে দেয়ার জন্যই সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কোনো অভাব নেই স্মিথের মনে। আগামী জুলাইয়ে ইংল্যান্ড এবং বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় দুটো গুরুত্বপূর্ণ সফরের জন্য নিজেদের অনুপ্রাণিত করতে ভারত-বধের দিকেই সাগ্রহে তাকিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, "পুরো মৌসুমেই আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। সেটা পাকিস্তান, বাংলাদেশ বা এখানে যেখানেই হোক না কেন। মৌসুম জুড়ে যা করেছি এখন শুধু সেটাই করতে হবে। এক বছরের মধ্যে উপমহাদেশে তৃতীয় সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। এটা হবে একটা দুর্দান্ত অর্জন। দল হিসাবে পুরো মৌসুমে এই সুযোগের দিকে অধীর আগ্রহে আমরা তাকিয়ে ছিলাম। এই মৌসুমে আমাদের সামনে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সফর আছে। আর ভারত হলো সেই সব চ্যালেঞ্জের মধ্যে প্রথম।"
ঘরের মাঠে ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে স্মিথের প্রশ্ন, "ভারতে কয়টি দল জিততে পেরেছে? গত ২০ বছরে মাত্র দুটো দলই ভারতে (টেস্ট) সিরিজ জিতেছে। এতেই প্রমাণিত ব্যাপারটা কতখানি কঠিন।"
সেই কঠিন কাজটির সামনে দাঁড়িয়ে থাকা প্রোটিয়ারা কানপুর টেস্টের আগে নিঃসন্দেহে ভারতের চেয়ে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে। দুই পেসার ডেল স্টেইন ও মাখায়া এনটিনির তোপে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপর্যস্ত করে আহমেদাবাদে দুই দিন হাতে রেখেই জয় ছিনিয়ে নিয়েছে তারা। ব্যাটসম্যানরাও আছেন দারুণ ফর্মে। আহমেদাবাদে এবি ডি ভিলিয়ার্স ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি ও জ্যাক ক্যালিসের ৩০তম সেঞ্চুরি এবং চেন্নাইয়ে হাশিম আমলা ও নিল ম্যাকেঞ্জি সেঞ্চুরি করে জানিয়ে দিয়েছেন উপমহাদেশের উইকেটে ব্যাট হাতে তারা কতটা সাবলীল। আর তাই কানপুর টেস্টের আগে প্রতিপক্ষের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন স্মিথ, "এই টেস্ট ম্যাচের আগে নিঃসন্দেহে আমাদের দলটাই বেশি আত্মবিশ্বাসী। এবং অবশ্যই আমরাই কম চাপের মধ্যে আছি। দল নির্বাচন, ইনজুরি এবং সিরিজে ১-০ তে পিছিয়ে থাকায় ভারতই এখন অনেক বেশি প্রশ্নের সামনে।"
তবে কানপুরের উইকেটে দক্ষিণ আফ্রিকার পেসাররা ভালো করতে পারবেন কি না তা কিছুটা হলেও সংশয়াচ্ছন্ন। এই ম্যাচে জিতে সিরিজ ড্র করতে মরিয়া স্বাগতিকরা স্পিন সহায়ক উইকেটে খেলতে নামছে। স্মিথ অবশ্য উইকেট নিয়ে মাথা ঘামাতে রাজি নন একটুও, "আমরা অতিরিক্ত এক জন স্পিনার নিয়ে খেললেও আমাদের হাতে তো বিকল্প থাকবেই। এই সফরে আমরা অনেক বেশি দৃঢ়তাপূর্ণ ক্রিকেট খেলেছি। আমরা দেখিয়েছি যে আমাদের জয়ের খিদে কতখানি তীব্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.
bdnews24