ঢাকা, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "সারা জীবন বলতে পারবো, বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছি"- মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েই টেলিফোনে বলছিলেন আমিনুল ইসলাম। সেখানকার ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর একটা 'লেকচার' দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের সামনে দেড় ঘন্টার লেকচার দিতে পারার উচ্ছ্বাসটা ফোনেই বোঝা যাচ্ছিল।
তিনি খেলেছেন ক্রিকেট। তাহলে তাকে সাংস্কৃুতিক বেচিত্র্যের ওপর লেকচার দেওয়ার জন্য বেছে নেওয়ার কারণ? আমিনুল বললেন, "ক্রিকেট খেলার সূত্রে আমি বহু দেশ ঘুরেছি। এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কান্ট্রি ডেভলপমেন্ট অফিসার হিসেবেও ছুটে বেড়াতে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। এ কারণেই ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মনে হয়েছে বিষয়টা আমি ভালো বোঝাতে পারবো।" তা কেমন বোঝালেন? বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়কের উপলদ্ধি, মন্দ নয়। ক্লাস নেওয়ার প্রস্তুতিও নাকি ভালোমতোই নিয়ে গিয়েছিলেন, "পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে গিয়েছিলাম। ছাত্র-ছাত্রীদের বেশ কিছু ছবিও দেখিয়েছি। সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমার ধারণা ওদের বোঝানোর চেষ্টা করেছি। মনে হয় ছাত্র-ছাত্রীরা ভালোই উপভোগ করেছে আমার লেকচার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24