ঢাকা, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শেষ দিনে ৮ উইকেটে ৫০৭ রান তুলে জিপি-বিসিবি একাডেমী প্রথম ইনিংস ঘোষণার পর ম্যাচটা ড্র-ই হওয়ার কথা। কিন্তু সোহরাওয়ার্দী শুভর ঘূর্ণিজাদুতে অবিশ্বাস্যভাবে মোড় ঘুরে যাওয়া ম্যাচে জিতেছে স্বাগতিকরাই। প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা একাডেমীর ত্রাস হয়ে উঠেছিলেন আরেক বাঁ হাতি স্পিনার মেহরাব হোসেন জুনিয়রও। দুয়েমিলে তাদের দ্বিতীয় ইনিংস ৩৭.৩ ওভারে মাত্র ১২৮ রানেই শেষ। সুবাদে সোমবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে ইনিংস ও ৬৮ রানের জয় দিয়ে গ্রামীণফোন একাডেমী কাপে শুভসূচনা হয়েছে নাসিরুদ্দিন ফারুকের নেতৃত্বাধীন দলটির।
৪ উইকেটে ৩১৯ রান নিয়ে চারদিনের ম্যাচের শেষদিন শুরু করা একাডেমী দল নাঈম ইসলামের সেঞ্চুরির অপেক্ষাতেও ছিল। সেই অপেক্ষা ফুরোতে বেশি সময় লাগেনি। ৯৬ রান নিয়ে দিন শুরু করা নাঈম শেষপর্যন্ত ১৩৬ রান করে আউট হয়েছেন। এরপর শামসুর রহমান শুভর ৪১ রান ও মুশফিকুর রহিমের (৫৩*) অপরাজিত ফিফটি জিপি-বিসিবি একাডেমীকে পাঁচশো পার করে নিয়ে যায়। ১৯৬ রানে পিছিয়ে থেকে শুরু করা দক্ষিণ আফ্রিকান একাডেমীকে ৩৯ রানে ৫ উইকেট হারানো দলে পরিণত করে জয়ের সুবাস পেতে থাকে জিপি-বিসিবি একাডেমী। এক্ষেত্রে সোহরাওয়ার্দীর বাঁ হাতি স্পিনের সবচেয়ে বড় ভূমিকা। এরমধ্যে তিন উইকেটই তুলে নেওয়া সোহরাওয়ার্দীর (১১-৩-৩৬-৪) পর মেহরাবও (৯.৩-০-৪০-৩) কম যাননি। মাঝে প্রোটিয়াদের টপ স্কোরার বার্নসসহ (৫৪) দু'জনকে রানআউট করে জয়ের খুব কাছে চলে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া পেসার নাজমুল হোসেন এবার ৩১ রান খরচায় নিয়েছেন এক উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24