২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়েই প্রশ্ন গাভাস্কারের

চেন্নাইতে যে দল রানের পাহাড় গড়েছিল পরের ম্যাচে তারাই কিনা ৭৬ রানে অলআউট। আহমেদাবাদে উত্তরসূরীদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে আর সব ভারতীয়র মতো সুনীল গাভাস্কারও বিস্মিত, ক্ষুব্ধ। সর্বকালের অন্যতম সেরা ওপেনার তার ক্ষোভ প্রকাশে হাতে তুলে নিয়েছেন কলম। ভারতের বহুল প্রচারিত দৈনিক 'হিন্দুস্থান টাইমস'-এ লেখা কলামে 'টিম ইন্ডিয়া'র ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করে তাদের কমিটমেন্ট নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

নয়াদিল্লী, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চেন্নাইতে যে দল রানের পাহাড় গড়েছিল পরের ম্যাচে তারাই কিনা ৭৬ রানে অলআউট। আহমেদাবাদে উত্তরসূরীদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে আর সব ভারতীয়র মতো সুনীল গাভাস্কারও বিস্মিত, ক্ষুব্ধ। সর্বকালের অন্যতম সেরা ওপেনার তার ক্ষোভ প্রকাশে হাতে তুলে নিয়েছেন কলম। ভারতের বহুল প্রচারিত দৈনিক 'হিন্দুস্থান টাইমস'-এ লেখা কলামে 'টিম ইন্ডিয়া'র ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করে তাদের কমিটমেন্ট নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তিন দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৯০ রানের পরাজয়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারত। ভারতীয়দের সেই তীব্র শোক বাড়িয়ে দিতে পারে গাভাস্কারের মন্তব্যগুলো। এক সময় টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির অধিকারী 'সানি' লেখার শুরুতেই হতাশা প্রকাশ করে একটা প্রশ্ন রেখেছেন দলের কাছে, "হতাশাজনক পারফরম্যান্সকে সামনে রেখেই আমার প্রশ্ন, ভারতীয় দল কি দ্বিতীয় টেস্ট খেলার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল?" দুঃসহ গরমে চেন্নাইয়ে ৫ দিন মাঠে থাকার অজুহাতকে উড়িয়ে দিয়ে তিনি লিখেছেন, "চেন্নাইয়ে গরম ও আর্দ্র আবহাওয়ায় আমাদের দল ৫ দিন কাটানোর কথা বিবেচনা করেও বলছি, দুই টেস্টের মাঝে তিন দিনের বিরতির দুই দিনই কয়েক জন ক্রিকেটারের অনুপস্থিতি বড় এক বিস্ময়ের জন্ম দিয়েছে। তাছাড়া কোনো টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি ও মনযোগ দেয়া এভাবে হুট করে হওয়া সম্ভবও নয়।" ক্রিকেটারদের কমিটমেন্ট নিয়েই আসলে গাভাস্কার ক্ষুব্ধ। চেন্নাইতে টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা বীরেন্দর শেবাগ ও দুই-এক জন বোলার ছাড়া বাকি খেলোয়াড়দের আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তার মন্তব্য, "শেবাগের মতো ৩১৯ করা খেলোয়াড়কে প্র্যাকটিস থেকে এক দিন ছুটি দিলে তা মেনে নেয়া যায়। কিংবা এক জন বোলার যে প্রচুর বল করেছে তাকেও রেহাই দেয়া যেতে পারে। কিন্তু যে কোনো রকমে একটি উইকেট পেয়েছে সে প্র্যাকটিস না করলে তার কমিটমেন্টই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।" ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বহুল আলোচিত ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল-এর বিরুদ্ধেও গাভাস্কারের ভীষণ ক্ষোভ। আইপিএল-এ নিজেদের দলের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেয়া ক্রিকেটারদের উদ্দেশে ভারতের সাবেক অধিনায়ক ব্যঙ্গ করে লিখেছেন, "নাচের মুদ্রার প্র্যাকটিস না করে তাদের উচিৎ ছিল নেটে গিয়ে কঠোর পরিশ্রম করা এবং (ব্যাটিংয়ের সময়) কব্জির অবস্থান ও ফুটওয়ার্ক ঠিক করার চেষ্টা করা। তাদের বোঝার সময় এসেছে যে তারা এখন যে অবস্থানে আছে তার একমাত্র কারণ ক্রিকেট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৫ঘ.