আহমেদাবাদ, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে নিশ্চয়ই খুব মিস করছে ভারত। দল যখন ইনিংস পরাজয়ের দিকে পায়ে পায়ে এগোচ্ছে তখন শচীন টেন্ডুলকারের অভাব অনুভূত না হয়ে পারে! অনিল কুম্বলের দলের জন্য দুঃসংবাদ, এ অভাব পরের টেস্টেও মেনে নিতে হবে তাদের। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, কুঁচকির চোটের জন্য ১১ এপ্রিল থেকে কানপুরে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না টেন্ডুলকার।
বিবৃতিতে জানানো হয় আগের তুলনায় অবস্থা বেশ ভালো হলেও টেন্ডুলকার এখনো সেরে ওঠেননি বলেই কানপুর টেস্ট খেলতে পারছেন না, " শচীন সেরে উঠছেন। তবে তৃতীয় টেস্ট খেলার মতো যথেষ্ট (কুঁচকির অবস্থার) উন্নতি এখনো হয়নি।"
কুঁচকির চোট বেশ ভোগাবে এ আশঙ্কা জেগেছিল চেন্নাই টেস্টের শেষ দিনেই। এ কারণে সেদিন মাঠেই নামতে পারেননি শচীন টেন্ডুলকার। তাই আহমেদাবাদ টেস্টে দলের বাইরে রাখা হয় তাকে। তার জায়গায় ডাকা হয় মোহাম্মদ কাইফকে।
চোটটা অবশ্য আরো আগের। সিবি সিরিজ ফাইনাল শেষেই টেন্ডুলকারের ফিটনেস রিপোর্টে ভারতের ফিজিও জন গ্লস্টার বলেছিলেন, 'লিটল জিনিয়াস'-এর চোটটা ভাবনায় ফেলার মতো, গুরুত্ব না দিলে এটা স্থায়ী সমস্যার রূপ নিতে পারে। তারপর দু সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছিল টেন্ডুলকারকে। কিন্তু বিশ্রাম যে আরো দরকার তা বোঝাতেই বুঝি চেন্নাই টেস্ট শুরুর দিন থেকেই ফিরে আসে কুঁচকির সমস্যা। সেজন্য ম্যাচের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ দিনের কিছু সময় আর পঞ্চম দিনের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছিল টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ অনেক রেকর্ডের মালিককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪০০ ঘ.
bdnews24