করাচি, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার। শুক্রবার বোর্ডে আনুষ্ঠানিকভাবে আপিল করার পর শোয়েব জানিয়েছেন,''আমি বোর্ডের সব নিয়ম মেনে আপিল করেছি। আইন, বোর্ডের নীতিমালা এবং বোর্ড চেয়ারম্যানের প্রতি আমার শ্রদ্ধা আছে।'' আর বোর্ডও আপিল গ্রহণ করে জানিয়েছে, খুব তাড়াতাড়িই আপিল শুনানির প্রক্রিয়া শুরু হবে।
পাঁচ বছরের নিষেধাজ্ঞা মানে একরকমের আজীবন নিষেধাজ্ঞাই। শোয়েব তাই আপিল করবেন স্বাভাবিক। আইনজীবীর সঙ্গেও যোগাযোগ শুরু করেছিলেন নিষিদ্ধ হওয়ার পরদিন থেকেই। তার আইনজীবী আজিম দানিয়াল শাস্তি প্রক্রিয়ার চুলচেরা বিশ্লেষণ করে দেখেছেন, শোয়েবকে অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছে। আর তাই আইনি লড়াইয়ের জন্য তিনি পুরো প্রস্তুত,''আমরা বোর্ডকে অনুরোধ করেছি সোমবারের মধ্যেই ডিসিপ্লিনারি কমিটির বিস্তারিত বিবরণ আমাদেরকে দিতে যাতে আমরা আমাদের আমাদের কাজটা ঠিকমতো করতে পারি।''
বোর্ডও আপিলটার সুষ্ঠু নিষ্পত্তি চায় বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও শাফকাত নাগমী। আর তাই অচিরেই আপিল শুনানির জন্য একটা ট্রাইব্যুনাল গঠিত হবে বলে জানিয়ে তিনি নিশ্চিত করেছেন,''ট্রাইব্যুনাল ঘটনার উপর ভিত্তি করে তার সিদ্ধান্ত নেবে। কোনো রাজনীতির ভিত্তিতে নয়।'' যদিও তিনি মনে করেন, ডিসিপ্লিনারি কমিটি যথেষ্ট ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছিল এবং সেখানে ব্যক্তি শোয়েবের বিরুদ্ধে কোনো বিদ্বেষ কাজ করেনি।
শোয়েবের নিষেধাজ্ঞাজনিত ঘটনার তাপ ক্রিকেটাঙ্গণ ছাড়িয়ে এখন বাইরেও চলে গেছে। চলে গেছে রাজনীতির ময়দানে। আর তা থেকে তৈরি হয়েছে নানান গুজব-গুঞ্জনও। তেমনি একটি গুজব হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শোয়েবের শাস্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। কিন্তু নাগমী সেটাকে উড়িয়ে দিয়ে বলেছেন,''এই বিষয়ে সরকারের কারো পক্ষ থেকেই আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।''
নিষেধাজ্ঞার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিম আশরাফের বিরুদ্ধে শোয়েব এমন ক্ষোভ প্রকাশ করেছেন যে বোর্ড সভাপতি এখন স্পষ্টতই আর শোয়েবের আস্থায় নেই। আর তাই নিয়মানুযায়ী তারই আপিল ট্রাইব্যুনালের প্রধান হওয়ার কথা থাকলেও তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। এবং আর সবার মতো তিনিও চান, আপিলটা হোক সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য,''৩০ দিন সময়ের মধ্যেই আপিল ট্রাইব্যুনাল বিষয়টার সুরাহা করে ফেলবে। কিন্তু বিষয়টাকে যেহেতু একধরনের রাজনীতিকরণ করা হয়ে গেছে তাই তারা আরও কম সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে।''
এই আপিল শুনানিতে যে ফল আসবে সেটা মেনে নিতে বোর্ড এবং শোয়েব দু-পক্ষই বাধ্য থাকবে বলে মনে করিয়ে দিয়েছেন নাসিম আশরাফ। কারণ আইনানুযায়ী এরপর আর কোনো আপিল করার সুযোগ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯৫৫ঘ.
bdnews24