২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করলো বিমান

আরেকটু হলে প্রিমিয়ার লিগে আবির্ভাবেই দুর্বার বিকেএসপির শিকার হতে যাচ্ছিল বিমানও। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অল্পের জন্য বেঁচে গেছে বিমান, শেষপর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে পেয়েছে ২ রানের জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করলো তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আরেকটু হলে প্রিমিয়ার লিগে আবির্ভাবেই দুর্বার বিকেএসপির শিকার হতে যাচ্ছিল বিমানও। বৃহষ্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অল্পের জন্য বেঁচে গেছে বিমান, শেষপর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে পেয়েছে ২ রানের জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ করলো তারা। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। আর হেরে যাওয়ায় ১১ ম্যাচে বিকেএসপির সংগ্রহ থেকে গেল ১৫-ই। আর বিকেএসপি এক নাম্বার মাঠে ভিক্টোরিয়াকে ২৮ রানে হারিয়ে ষষ্ঠ এবং শেষ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে সিটি ক্লাব। জাভেদ ওমর (৩৯) ও তামিম ইকবালের সৌজন্যে দারুণ সূচনা পেলেও সেই তুলনায় বিমানের মোট সংগ্রহ ততোটা নয়। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২১৯ রান। তামিমের ৬০ রানের ইনিংসটি ছাড়া আর কোনো ফিফটিও নেই তাদের ইনিংসে। তবে বলার মতো রান এসেছে অলক কাপালি (৪৫) ও আসিফ হোসেনের (৩৬) ব্যাট থেকে। রান তাড়া করতে নামা বিকেএসপিকে জয় প্রায় এনেই দিয়েছিলেন নাসির হোসেন। ওপেনার মোহাম্মদ মিঠুন (৩৫) ও মুশফিকুর রহিম (৪০) মিলে দারুণ এক ভিত্তি এনে দেওয়ার পর নাসির (৬১) যখন দলকে জয়ের খুব কাছে নিয়ে গেছেন, তখনই তাকে জাভেদের ক্যাচ বানিয়ে বিকেএসপির সম্ভাবনা একরকম শেষ করে দেন ম্যাচের সেরা বোলার নাবিল সামাদ। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন এই বাঁ হাতি স্পিনার। ম্যাচের এক বল বাকি থাকতে বিকেএসপি ২১৭ রানে অলআউট হয়ে যায়। রাসেল আল মামুন (৭১) ও ইমরান আহমেদের (৫৭) ১৩৪ রানের ওপেনিং সূচনা সিটি ক্লাবকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রানে পৌছার ভিত্তি দেয়। জবাব দিতে নেমে ৫৬ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা মাহমুদুল্লাহ রিয়াদ (৫৬) ও ধীমান ঘোষের (৫৬) ফিফটিতেও সামলে উঠতে পারেনি ভিক্টোরিয়া। ৪৭.২ ওভারে ২২৫ রানে অলআউট হয়ে যায় তারা। দিনের অন্য ম্যাচগুলোতে সোনারগাঁ ক্রিকেটার্স (১৯৫/৪) ২৪ রানে সূর্যতরুণকে (১৭১/৭), পারটেক্স (১৮৭/৬) ৪ উইকেটে ওল্ড ডিওএইচএসকে (১৮৬/১০) এবং ইয়াং পেগাসাস (২৩৬/৯) ১ উইকেটে কলাবাগানকে (২৩৫/১০, নাজমুস সাদাতের সেঞ্চুরিতে, ১০৪) হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.