ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ম্যাচ বিকেল পর্যন্ত গড়ালেও এর ভাগ্য সকালেই নির্ধারিত! কেউ কেউ এমন মনে করলেও প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-মোহামেডান ম্যাচের ভাগ্য জানার জন্য সেই বিকেল পর্যন্তই অপেক্ষায় থাকতে হল সবাইকে। টার্গেটও অনেকের কাছে সহজসাধ্য বলে মনে হলেও আবাহনী জিতলো কঠিন করে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মাত্র ২ উইকেটের জয় দিয়ে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত বিমানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করলো তারা। বিমানের অবশ্য এখনো এক ম্যাচ বাকি। এ কারণেই ১৮ পয়েন্ট নিয়ে এখনো এগিয়ে থাকা মোহামেডানের শীর্ষে থেকে সুপার লিগ শুরু নিয়ে সংশয়।
দলে জাতীয় দলের পাঁচ জন ক্রিকেটার। এদের তিন জনই আবার টপ-মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু তারা নিজেদের নামসর্বস্ব বানিয়ে বসে থাকায় মোহামেডান ৪৯.৫ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট। এই রান তাড়া করতে নামা আবাহনীর ম্যাচ-ভাগ্য ঝুলে যায় জয় থেকে ৪ রান দূরে থাকতে অষ্টম উইকেট হারানোয়। ২০ বল বাকি থাকতে আফতাব আহমেদের ওভার থ্রোতে পাওয়া বাউন্ডারি দিয়ে জয়ের তীরে পৌছালেও এই ম্যাচে দু'দল মিলে করেছে মাত্র ৩২৬ রান। অথচ উইকেট পড়েছে আঠারোটি। আবাহনী অধিনায়ক তুষার ইমরান বললেন, "ক্রিকেটারদের মধ্যে স্নায়ুর চাপ কাজ করেছে বলে মনে হয়।"
মোহামেডান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য এর সঙ্গে একমত হতে পারছেন না, "স্নায়ুর চাপ-টাপ কিছু নয়। ব্যাটিংটা একদমই ভালো হয়নি। আমাদের প্রথম ছয় ব্যাটসম্যানের তিনজন হয়েছে রানআউট। আমি নিজে বাজে শট খেলে আউট হয়েছি।" জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে ওপেনার জুনায়েদ সিদ্দিকী (৫) মোহামেডানকে ১৭ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত করে গেছেন সকালেই। এর আগে-পরে উইকেটকিপার আনোয়ার হোসেন (৬) ও আফতাব আহমেদ (১০) রান আউট হয়েছেন নাদীফ চৌধুরীর থ্রোতে।
শুরুতেই দল বিপদে পড়ে যাওয়ায় দেখেশুনে খেলার কথা ছিল আশরাফুলের। কিন্তু ম্যাচে আরাফাত সানির (৩/২৯) প্রথম বলেই ভুলের খেসারত দিলেন তিনি। বাঁ হাতি স্পিনারের অফস্টাম্পের ওপরের বলে সুইপ করতে গিয়ে আশরাফুল (২০) বোল্ড হওয়ার পরের বলেই রাকিবুল হাসান (১৪) রানআউট। ৬৭ রানে ৬ উইকেট নেই মোহামেডানের! ঠিক আগের ম্যাচে বিমানের বিপক্ষে রান তাড়া করতে নেমে এই অবস্থা থেকে ম্যাচ বের করে নিলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভালো সংগ্রহ গড়তে পারেনি তারা। তারপরও সোহরাওয়ার্দী শুভ (২৭), আব্দুর রাজ্জাক (২১) ও ডলার মাহমুদের (২৫) তিনটি বিশোর্ধ্ব ইনিংসে দেড়শো পার হয়েছে মোহামেডান।
১৬২ রান তাড়া করতে নেমে আবাহনীও বিপদে পড়েছে। তবে সেটা যতটা না প্রতিপক্ষের বোলারদের কৃতিত্বে তার চেয়ে বেশি নিজেদের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। তুষার ইমরান ম্যাচশেষে বলছিলেন, "এই উইকেটে শুরুর দিকেই যা একটু স্ট্রোক খেলা যায়। এরপর বল নীচু হয়ে আসে। তাছাড়া বলও নরম হয়ে যায়। তখন বল তুলে মারতে গেলেই সমস্যা।" অন্যদের অবস্থা বাদ দিন। ম্যাচ সর্বোচ্চ ৫৭ রান করা শাহরিয়ার নাফীসও তো শুভর বলে রিভার্স সুইপ করতে গিয়ে ডিপ কাভারে ক্যাচ দিলেন। ৪১ রান করে দলকে জয়ের প্রায় তীরে পৌঁছে দেওয়া নাদীফেরও প্রয়োজন ছিল না তুলে মারার। কারণ তখন জিততে দরকার মাত্র ৪ রান। অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার পরেই ম্যাচটার রুদ্ধশ্বাস সমাপ্তির অপেক্ষা করছিলেন সবাই। তা আর হয়নি আফতাবের ওভার থ্রো'র কারণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০১৮ঘ.
bdnews24