২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে নিয়ে আশা-আশঙ্কার দোলাচলে ভারত

রানের ফুলঝুরি ছোটা চেন্নাই টেস্টে তিনি এক রানও করতে পারেননি। তবে শচীন টেন্ডুলকারের ফর্ম নয়, ভারত এখন দুশ্চিন্তায় তার ফিটনেস নিয়ে। কুঁচকির ইনজুরিতে পড়ায় রোববার চেন্নাই টেস্টের পঞ্চম ও শেষ দিনে মাঠেই নামতে পারেননি 'লিটল জিনিয়াস'। আগামী বৃহস্পতিবার থেকে আহমেদাবাদে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও তাকে নিয়ে সংশয়ে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চেন্নাই, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রানের ফুলঝুরি ছোটা চেন্নাই টেস্টে তিনি এক রানও করতে পারেননি। তবে শচীন টেন্ডুলকারের ফর্ম নয়, ভারত এখন দুশ্চিন্তায় তার ফিটনেস নিয়ে। কুঁচকির ইনজুরিতে পড়ায় রোববার চেন্নাই টেস্টের পঞ্চম ও শেষ দিনে মাঠেই নামতে পারেননি 'লিটল জিনিয়াস'। আগামী বৃহস্পতিবার থেকে আহমেদাবাদে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও তাকে নিয়ে সংশয়ে ভারত। অনিল কুম্বলে অবশ্য আশাবাদী। ভারতের টেস্ট অধিনায়কের বিশ্বাস টেন্ডুলকারের ইনজুরিটা তেমন গুরুতর কিছু নয়। তাই আহমেদাবাদে বিশ্বসেরা ব্যাটসম্যানকে পাওয়ার ব্যাপারে কুম্বলে আত্মবিশ্বাসী, "শচীনের কুঁচকিতে সামান্য টান পড়েছে। অবস্থার কিছুটা অবনতিও হয়েছে। তার পাকস্থলিতেও সমস্যা আছে। তবে আমরা আশা করছি (দ্বিতীয় টেস্টের আগেই) সে সুস্থ হয়ে উঠবে।" প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে টেন্ডুলকার নিজেই নিজেকে ফিট ঘোষণা করেছিলেন। যদিও তার কয়েক জন সতীর্থকে ফিটনেস টেস্টের জন্য যেতে হয়েছিল ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে। রোববার কুম্বলে নিজেও মধ্যাহ্ন বিরতির পর আর মাঠে নামেননি। এ প্রসঙ্গে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীর ব্যাখ্যা, "বল করার সময় আমার সামান্য সমস্যা হচ্ছিল। তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। তাছাড়া তখন তো ম্যাচ শেষই হয়ে গিয়েছিল বলা যায়। দ্বিতীয় টেস্টের আগে সেরে ওঠা নিশ্চিত করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩০ঘ.