২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন একাডেমী কাপ শুরু ৪ এপ্রিল

বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট একাডেমী দলগুলোকে নিয়ে গ্রামীণফোন একাডেমী কাপ শুরু হচ্ছে ৪ এপ্রিল। এক দিনের ত্রিদেশীয় সিরিজই শুধু নয়, তিনটি দলের মধ্যে চারটি চার দিনের ম্যাচও এই টুর্নামেন্টের অংশ। এর মধ্যে যশোরে ৪ এপ্রিল প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট একাডেমী দলগুলোকে নিয়ে গ্রামীণফোন একাডেমী কাপ শুরু হচ্ছে ৪ এপ্রিল। এক দিনের ত্রিদেশীয় সিরিজই শুধু নয়, তিনটি দলের মধ্যে চারটি চার দিনের ম্যাচও এই টুর্নামেন্টের অংশ। এর মধ্যে যশোরে ৪ এপ্রিল প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এক মাসের এই টুর্নামেন্টে অংশ নিতে ১ এপ্রিল ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকার একাডেমী দল। যশোরের পর খুলনাতে দ্বিতীয় চার দিনের ম্যাচের পর ১৫ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে এক দিনের ত্রিদেশীয় সিরিজ। একাডেমী কাপের পাঁচ ভেন্যুর অন্য দুটি হচ্ছে ঢাকা এবং বগুড়া। ফাইনাল ছাড়া এক দিনের ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল ফাইনালের আয়োজক গ্রামীণফোন-বিসিবি ক্রিকেট একাডেমীর হোম মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। এরপর পাকিস্তান একাডেমী দলের সঙ্গে বাংলাদেশ একাডেমী দলের দুটো চার দিনের ম্যাচই হবে বগুড়ায়। ২৬ এপ্রিল প্রথমটির পর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি শুরু হবে ২ মে। সাড়ে সাত লাখ ডলারে পাঁচ বছরের জন্য একাডেমীর স্বত্ত্ব কিনে নেওয়া গ্রামীণফোনের সঙ্গে চুক্তি অনুযায়ী এধরনের টুর্নামেন্ট আয়োজন বাধ্যতামূলক বিসিবির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টুর্নামেন্টের প্রথম চার দিনের ম্যাচের জন্য রোববার এক সংবাদ সম্মেলনে ১৪ জনের বাংলাদেশ একাডেমী দল ঘোষণা করেছেন একাডেমীর অপারেশন্স ম্যানেজার ও সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ। দ্বিতীয় চার দিনের ম্যাচে তিন ফাস্ট বোলার ডলার মাহমুদ, নাজমুল হোসেন এবং তালহা জুবায়েরদের জায়গা নেবেন রুবেল হোসেন, মাহবুবুল আলম ও সাজিদুল ইসলাম। গ্রামীণফোনের হেড অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান এমএ লতিফ খান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, গ্রামীণফোনের মার্কেটিং ডিভিশনের ডিরেক্টর রুবাবা দৌলা মতিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেট কমিউনিকেশন্স) ফেরদৌসুর রহমান। জিপি-বিসিবি একাডেমী স্কোয়াড : নাসিরুদ্দিন ফারুক (অধিনায়ক), জহুরুল ইসলাম, ইমরুল কায়েস, মেহরাব হোসেন জুনিয়র, শামসুর রহমান, নাঈম ইসলাম, নাজমুস সাদাত, মুশফিকুর রহিম, ডলার মাহমুদ, তালহা জুবায়ের, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র, রায়হানউদ্দিন আরাফাত এবং সোহরাওয়ার্দী শুভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.