চেন্নাই, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তৃতীয় দিনের পুরোটাই দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করেছেন বীরেন্দর শেবাগ। নিজের ক্যারিয়ার এবং টেস্ট ক্রিকেটে ভারতের ইতিহাসের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিও হয়ে গেছে তার। চিদাম্বরম স্টেডিয়াম মুগ্ধ হয়ে দেখেছে তার অনেক রেকর্ডের জন্ম দেয়া এ ইনিংস। দক্ষিণ আফ্রিকার ৫৪০ রানের প্রথম ইনিংস তুচ্ছ মনে হচ্ছে 'বীরুর' ব্যাটিংয়ের কল্যাণে। তৃতীয় দিন শেষে ভারতের স্কোর এখন ১ উইকেটে ৪৬৮। ৯ উইকেট হাতে রেখে মাত্র ৭২ রানে পিছিয়ে তারা। ২৯২ বলে ৪১টি চার আর ৫টি ছক্কায় সাজানো শেবাগের হার না মানা ৩০৯ রান এ অবস্থায় পৌঁছে দিয়েছে তাদের। এর আগে ১৬৬ বলে ৭৩ রান করে জাফর হ্যারিসের শিকার হওয়ায় ২১৩ রানে ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি। সারাদিনে সেটাই দক্ষিণ আফ্রিকার একমাত্র সাফল্য। তারপর থেকে একরকম শেবাগ-ঝড়ের দর্শক হয়েই খেলে গেছেন রাহুল দ্রাবিড় (১৮১ বলে ৬৫*)।
ভারতকে দুর্দান্ত এক সূচনা দেয় শেবাগ-জাফরের উদ্বোধনী জুটি। দক্ষিণ আফ্রিকাকে শক্ত ভিত দেয়া স্মিথ-ম্যাকেঞ্জির ১৩২ রানের জুটি তো বটেই ম্যাচে আর সবার ছোট-বড় সব কৃতিত্বই ম্লান যায় শেবাগের চমৎকার আগ্রাসী ব্যাটিংয়ের কল্যাণে। দিন শুরু করেছিলেন ৫২ রান নিয়ে, ফর্মে ফেরার ইঙ্গিত রেখে জাফর ছিলেন ২৫ রানে। ভারতের স্কোর তখন বিনা উইকেটে ৮২। স্কোর বোর্ডে তারপর যা যা লেখা হয়েছে সবই যেন শেবাগ-স্তুতি। তৃতীয় দিনে ৩৮৬ রান হয়েছে। এর মধ্যে ২৫৭ রানই মাত্র ১১৬ বলে সেঞ্চুরি ও ১৯৪ বলে ডাবল সেঞ্চুরি, ২২৫ বলে আড়াইশ আর ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করা শেবাগের অবদান। সারাদিনে শেবাগ-ঝড়ের নমুনা বোঝাতে আরেকটা তথ্য। দ্বিতীয় উইকেট জুটিতে এ পর্যন্ত ২৫৫ রান যোগ হয়েছে, যার মধ্যে মাত্র ৬৫ রান দ্রাবিড়ের!
ক্যারিয়ারে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন বীরেন্দর শেবাগ। এবং সেটা অনেক ভাবেই। তার ২৭৮ বলে করা ট্রিপল সেঞ্চুরিই এখন টেস্ট ইতিহাসের দ্রুততম। আগের দ্রুততম ট্রিপল সেঞ্চুরিটি ছিল অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের, ৩৬২ বলে (বনাম জিম্বাবুয়ে, পার্থ, ২০০৩-০৪)। ২০০৩-০৪ মৌসুমে মুলতানে ৩৬৪ বলে করা শেবাগের ট্রিপল সেঞ্চুরিটি এখন তৃতীয় দ্রুততম। বৃহস্পতিবার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান আর ব্রায়ান চার্লস লারার পাশেও নাম লিখিয়েছেন শেবাগ। ওই দুজন ছাড়া আর কেউ টেস্ট ক্রিকেটে দুটো ট্রিপল সেঞ্চুরি পাননি। আরো কিছু রেকর্ড হয়েছে এ ইনিংসে। সারাদিনে ২৫৭ রান করে টেস্ট ক্রিকেটে একদিনে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়দের তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের এই ওপেনার। এক দিনে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনো ব্র্যাডম্যানের, ৩০৯ রানের।
এ ছাড়া তার অপরাজিত ৩০৯ ভারতের মাটিতে সবচেয়ে বড় ইনিংস। আগের রেকর্ডটি ছিল ভি ভি এস লক্ষণের (২৮১, বনাম অস্ট্রেলিয়া)। শনিবার আর এক রান করলে নিজেকে ছাড়িয়ে ভারতের হয়ে সবচেয়ে বড় টেস্ট ইনিংস খেলার রেকর্ডও গড়ে ফেলবেন শেবাগ। ম্যাচের তৃতীয় দিনে ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ঠিক ৩০৯ রান করেই ভারত-সেরা হয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮০৫ ঘ.
bdnews24