ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেকদিন পর ব্যাট হাতে সাফল্য পেলেন মাশরাফি বিন মর্তুজা। তার এই সাফল্যের দিনে বিমানের ডানায় কাটা পড়েছে আবাহনী নামের মহীরুহটি, তারা হেরেছে ৭০ রানে। আবাহনীর দ্বিতীয় হারের দিনে আবার চিরপ্রতন্দ্বী মোহামেডানও ৪ উইকেটে ওল্ড ডিওএইচএসের কাছে হেরে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে। এই হারে মোহামেডান শীর্ষস্থান হারিয়েছে ১৭ পয়েন্টধারী বিমানের কাছে। ১৬ পয়েন্ট নিয়ে সাদাকালোরা দ্বিতীয় স্থানে এবং টানা দুই ম্যাচ হেরে আবাহনী আছেতৃতীয় স্থানে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিমান প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৫৫ রান। কিন্তু এই উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা বরাবরই ঝুঁকিপূর্ণ, সেটি আরো একবার প্রমাণ করেছে আবাহনী। যে কারণে ওপেনার শাহরিয়ান নাফীসের অপরাজিত ৬০ রানের পরও ৪৯.২ ওভারে ১৮৫ রান তুলতেই অল আউট হয়ে যায় আবাহনী।
আসলে দু'দলের মধ্যে ব্যবধানটা গড়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তূজা। অনেকদিন পর জাতীয দলের দলের সহ অধিনায়কের ব্যাটে দেখা গেছে ঝড়। তার ৫৬ বলে ৭৬ রানের এই ঝড়ো ইনিংসে বিমানের পালে দিয়েছিল বাড়তি হাওয়া। এর আগে অবশ্য বাঁহাতি ওপেনার তামিম ইকবালের ফিফটি (৫৯) তাদের ভাল সূচনা উপহার দেয়। এছাড়া অলক কাপালি করেছেন ৬৮ রান। তারপর বোলিংয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়ে সফল বোলারও এই অলক কাপালি। একমাত্র শাহরিয়ার নাফীস (৬০ঁ) ও জহুরুল (৩০) ছাড়া আবাহনীর বাকিরা সুবিধা করতে পারেননি। মাশরাফি ৩১ রানে নিয়েছেন ১ উইকেট।
ওদিকে ফতুল্লা স্টেডিয়ামে মোহামেডান প্রিমিয়ার লিগের প্রথম হারের স্বাদ পেয়েছে। তাদের ৯ উইকেটে ২১৪ রান তাড়া করতে নেমে বিপদে পড়া ওল্ড ডিওএইচএসকে পথে ফেরায় মেহরাব হোসেনের ধৈর্যশীল ব্যাটিং। জাতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যানের অপরাজিত ৪৮ রানে তারা ৬ উইকেটে ২১৬ রান করে টানা হারের পর জয়ের স্বাদ পায়। ৭২ রানে ৪ উইকেট হারানোর পর এই বাঁহাতি ব্যাটসম্যান মনির আহমেদ (২৯) ও ফরহাদ রেজার (১৪)সঙ্গে ৪৩ ও ২৪ রানের দুটো জুটি গড়ে খানিকটা বিপদমুক্ত করেন। এবং শেষে সপ্তম উইকেটে ওয়াসিউর রহমানের (৩৫) সঙ্গে অপরাজিত ৭৭ রানের জুটিতেই দলের জয় নিশ্চিত করে। মেহরাব ৮১ বল খেলে একটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৮ করে অপরাজিত থাকেন।
এর আগে নাজিমদ্দিনের ৪১, পাকিস্তানী আরশাদের ৩৭ রান এং আব্দুর রজ্জাকের ২৪ বলে ৩১ রান মোহামেডান দুশো পেরোয়। অধিনায়ক আশরাফুল করেছেন ২২ রান।
বিডিনিউজ টোয়েন্টিকম ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.
bdnews24