২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের ঝড়ো ফিফটিতে ভারতের স্বস্তিদায়ক সূচনা

বীরেন্দর শেবাগ কথা রাখেননি এবং রাখেননি বলেই সবাই খুশি! ম্যাচের আগে অ্যাডিলেড টেস্টের সেঞ্চুরির কথা মনে করিয়ে দিলে 'বীরু' বলেছিলেন এখানেও সেই " আগে দেখো, তারপর মারো" ঢংয়ে ব্যাট করবেন। কোথায় কী! ওয়াসিম জাফরকে নিয়ে নামলেন আর শুরু হলো তার বেধড়ক মার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

চেন্নাই, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বীরেন্দর শেবাগ কথা রাখেননি এবং রাখেননি বলেই সবাই খুশি! ম্যাচের আগে অ্যাডিলেড টেস্টের সেঞ্চুরির কথা মনে করিয়ে দিলে 'বীরু' বলেছিলেন এখানেও সেই " আগে দেখো, তারপর মারো" ঢংয়ে ব্যাট করবেন। কোথায় কী! ওয়াসিম জাফরকে নিয়ে নামলেন আর শুরু হলো তার বেধড়ক মার। তার ৬ চার আর এক ছক্কায় ৬১ বলে হার না মানা ৫২ রানকে অনেকে তত বেশি 'শেবাগীয়' মনে না-ও করতে পারেন। প্রতিপক্ষ যখন দক্ষিণ আফ্রিকা তখন সেটাই বা কম কী! চিদাম্বরম স্টেডিয়ামের দর্শকরা প্রাণভরে উপভোগ করেছেন তার ব্যাটিং। ২৫ রানে অপরাজিত থেকে জাফর বাজে ফর্ম কাটানোর ইঙ্গিত দেয়ায় দ্বিতীয় দিন শেষে ভারতের স্কোর কোনো উইকেট না হারিয়ে ৮২। এর আগে হাশিম আমলার সেঞ্চুরি আর গ্রায়েম স্মিথ (৭৩), নিল ম্যাকেঞ্জি (৯৪) আর মার্ক বাউচারের (৭০) ফিফটির সুবাদে ৫৪০ রানে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ৪ উইকেটে ৩০৪। সেখান থেকে শুরু করে সকালটা ভালোই কেটেছে তাদের। লাঞ্চের আগে ডি ভিলিয়ার্সকে (৪৪) শ্রীশান্ত উইকেটের পেছনে ক্যাচ বানালেও তখন পর্যন্ত হাশিম আমলাকে থামাতে পারেননি ভারতীয় বোলাররা। ১৭৩ বলে ১৪টি চারের মারে সেঞ্চুরি করার পর রানের গতি একটু একটু করে বাড়াচ্ছিলেন। আউট হয়েছেন দুঃখজনকভাবে। কুম্বলের বলে কভারে ড্রাইভ করেছিলেন বাউচার। শ্রীশান্ত বল হাতে নেয়ার আগেই নন-স্ট্রাইকিং প্রান্তের উইকেট ছেড়ে অনেক দূর এগিয়ে যান হাশিম আমলা। তড়িঘড়ি করে শ্রীশান্ত বল পাঠান স্ট্রাইকিং প্রান্তে, উইকেটকিপার ধোনির কাছে। তবুও বাঁচতে পারেননি আমলা। এত বাইরে চলে গিয়েছিলেন যে সেই প্রান্ত থেকেই স্টাম্প ভেঙ্গে তাকে রান আউট করে দেন ধোনি। সকালে ডি ভিলিয়ার্সকে আউট করাতেও অবদান ছিল ধোনির। শ্রীশান্তের একটু খাটো লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে তার গ্লাভসেই বল জমা করেছিলেন ডি ভিলিয়ার্স। দলকে ৪৫৬ রানে রেখে টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি করা হাশিম আমলা আউট হওয়ার পরও স্কোর ৫৪০ হয়েছে মূলত বাউচার-মরকেলের ৫৪ রানের সপ্তম উইকেট জুটির কল্যাণে। নইলে বাউচার বীরেন্দর শেবাগকে উড়িয়ে মারতে গিয়ে দ্রাবিড়ের ক্যাচ হওয়ার আগেই হয়তো গুটিয়ে যেতো দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩০ রানে শেষ ৪ উইকেট পড়তে দেখে অন্তত তাই মনে হয়েছে। ওই ৪ উইকেটই হরভজন সিংয়ের, সব মিলিয়ে তার বোলিং ফিগার (৫/১৬৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮১৫ঘ.