২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন সৈয়দ রাসেল

আয়ারল্যান্ডের বিপক্ষে দলটাই 'প্রায়' ধরে রাখলো বাংলাদেশ। প্রায় কারণ আইরিশদের হোয়াইটওয়াশ করা ১৪ জনের দলের সঙ্গে শুধু যোগ হয়েছেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। মঙ্গলবার পাকিস্তান সফরের জন্য ঘোষিত বাংলাদেশ দলে তাই কোনো চমক নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়ারল্যান্ডের বিপক্ষে দলটাই 'প্রায়' ধরে রাখলো বাংলাদেশ। প্রায় কারণ আইরিশদের হোয়াইটওয়াশ করা ১৪ জনের দলের সঙ্গে শুধু যোগ হয়েছেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। মঙ্গলবার পাকিস্তান সফরের জন্য ঘোষিত বাংলাদেশ দলে তাই কোনো চমক নেই। 'উইনিং কম্বিনেশন' অর্থাৎ বিজয়ী দলটা ধরে রাখার জন্যই কাউকে বাদ দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। রাসেল দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ওয়ানডে খেললেও আয়ারল্যান্ডের সঙ্গে সুযোগ পাননি দলে। রাসেলের অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক বললেন, "আয়ারল্যান্ড সিরিজে আমরা স্পিন-নির্ভর দল করেছিলাম। তবে পাকিস্তানে চারটি ভেন্যুতে খেলা। সেখানে যদি কন্ডিশন সিমিং হয় তাহলে রাসেল খেলবে।" দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই বাদ পড়া বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল এবারো বিবেচিত হননি। এখানে নির্বাচকদের মাহমুদুল্লাহ রিয়াদকেই প্রাধান্য দেওয়ার কারণ, "দলে তিনজন বাঁ হাতি স্পিনার রাখার চেয়ে একজন অফস্পিনারকে রাখলে ভালো। তাতে বোলিংয়ে বৈচিত্র্যটা বেশি থাকে।" এ কারণেই আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের সঙ্গে দলে তৃতীয় স্পিনার রিয়াদ। অবশ্য মোশাররফকেও আশা দিয়ে রেখেছেন রফিকুল, "যখন আবার প্রয়োজন হবে, তখন অবশ্যই আমরা রুবেলকে ডাকবো।" দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই দারুণ এক ফিফটি করা রাকিবুল হাসান আয়ারল্যান্ড সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রধান নির্বাচক অবশ্য এটাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখছেন, "বছর খানেক আগে জাতীয় লিগে অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলে নিজের আগমনী ঘোষণা করেছিল রাকিবুল। এরপর থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে সে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত একটা ইনিংস আছে। আয়ারল্যান্ড সিরিজে না পারার কারণ ও নিজে নয়। আসলে উইকেটে গিয়ে যথেষ্ট সময় সে পায়নি। এ কারণেই আমরা ওকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।" প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও তাদের হোয়াইটওয়াশ করা দলটিকেই পুরো ধরে রাখার কারণ, "আস্থা, আত্মবিশ্বাস ও প্রবল টিম স্পিরিটের জন্যই আমরা উইনিং কম্বিনেশন ভাঙ্গিনি।" পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ৬ এপ্রিল পাকিস্তান রওনা হবে মোহাম্মদ আশরাফুলের দল। ৮ এপ্রিল প্রথম ওয়ানডের ভেন্যু লাহোর। বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, রাকিবুল হাসান ও সৈয়দ রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৫০১ঘ.