ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ম্যাচে হ্যাটট্টিক করে হংকংকে উড়িয়ে দেওয়া সালমা খাতুন আবারো দুর্বার। তার অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হংকংকে সহজেই হারিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে মঙ্গলবার তারা জিতেছে ১০৯ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করে বাংলাদেশের নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৯ রানের জবাবে হংকং মাত্র ১৪০ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশকে বড় সংগ্রহের পথ দেখিয়েছে আসলে অধিনায়ক সালমা খাতুন ও পান্না ঘোষের চতুর্থ উইকেট জুটির ১৫৬ রান। ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধা এই দু'জনের সামনেই ছিল সেঞ্চুরির হাতছানি। সালমা ৯৫ বলে ৯ বাউন্ডারিতে ৮৬ রান করে আউট হয়ে গেলেও পান্না অপরাজিত ছিলেন ৮০ রানে।
এরপর বোলিংয়েও ঝলসে ওঠেন বাংলাদেশের মেয়েরা। রোমানা আহমেদ (৩/৩০) ও সাথিরা জাকির (৩/৩৩) নিয়েছেন তিনটি করে উইকেট। ৩০ রানে ২ উইকেট নিয়েছেন তিথি রাণী সরকারও। তবে সেরা বোলিং ফিগারের মালিক সালমাই : ৯-৪-৮-২! এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা পুরস্কার আর কারো হাতেই শোভা পাওয়ার কথা নয়। এই ম্যাচ থেকে হংকং দলের প্রাপ্তি ওপেনার কেনু গিলের ৬১ রানের ইনিংস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫৫ঘ.
bdnews24