ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাঁহাতি স্পিনার বলে পাকিস্তানগামী বাংলাদেশ দলে জায়গা হয় নি তার। বোলিংয়ে বৈচিত্র্যের জন্য মোশাররফ হোসেন রুবেল নন, অফস্পিনার এবং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদই পেয়েছেন নির্বাচকদের আনুকূল্য। মঙ্গলবার দল ঘোষণার দিনে ফতুল্লায় মোশাররফও দেখালেন অলরাউন্ড নৈপুণ্য। কলাবাগানকে ৬৩ রানে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে বিমানের ষষ্ঠ জয়ে ম্যাচ সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটি তারই খেলা। পরে বোলিংয়েও ৩৩ রানে নিয়েছেন ১ উইকেট। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যৌথভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে এখন বিমান।
১৩ রানে ২ উইকেট হারানো বিমানকে বড় সংগ্রহের পথ দেখায় মোশাররফের ব্যাটিংই। এরপর অলক কাপালি (৪০), সানোয়ার হোসেনদের (৩৫) মাঝারি ইনিংসে ভর করে বিমান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে পৌছে যায় ২৪৩ রানে। তবে জাতীয় দলের তামিম ইকবাল করেছেন মাত্র ৪ রান। এদিনই জাতীয় দলে ফেরার খবর শোনা কলাবাগানের পেসার সৈয়দ রাসেল ৪১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ২৪৩ রান তাড়া করতে নামা কলাবাগানের পাকিস্তানি ওপেনার শাহবাজ বাট (৭২) ছাড়া আর কেউই বলার মতো রান করেননি। ৪৫.৫ ওভারেই তারা ১৮০ রানে অলআউট হয়ে যায়। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন মোশাররফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.
bdnews24