২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

এখন পর্যন্ত প্রথম ম্যাচ জিতেও তিন টেস্টের সিরিজ হেরে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিউজিল্যান্ডের দু বার। নেপিয়ারে কি তৃতীয়টা হতে যাচ্ছে? ইংল্যান্ডের সঙ্গে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে কিউইরা সেই আশঙ্কাতেই জর্জরিত। ৫৫৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের পিছু ধাওয়া করতে নামা নিউজিল্যান্ডের চতুর্থ দিনশেষে সংগ্রহ ৫ উইকেটে ২২২ রান। জিততে হলে করতে হবে আরো ৩৩১ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

নেপিয়ার, নিউজিল্যান্ড, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখন পর্যন্ত প্রথম ম্যাচ জিতেও তিন টেস্টের সিরিজ হেরে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা নিউজিল্যান্ডের দু বার। নেপিয়ারে কি তৃতীয়টা হতে যাচ্ছে? ইংল্যান্ডের সঙ্গে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে কিউইরা সেই আশঙ্কাতেই জর্জরিত। ৫৫৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের পিছু ধাওয়া করতে নামা নিউজিল্যান্ডের চতুর্থ দিনশেষে সংগ্রহ ৫ উইকেটে ২২২ রান। জিততে হলে করতে হবে আরো ৩৩১ রান। মঙ্গলবার ৫ উইকেটে ৪১৬ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৪৬৭ রান তুলে। আগের দিনশেষে ১৭৩ রানে অপরাজিত থাকা অ্যান্ড্রু স্ট্রাউস আর ৪ রান করেই আউট হয়ে যান অফস্পিনার জিতান প্যাটেলের বলে। চতুর্থ ইনিংসে রেকর্ড গড়ে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক সময় বেশ ভালো জায়গাতেই পৌঁছেছিল স্বাগতিকরা। দলীয় ৪৮ রানে মন্টি পানেসার জেমি হাওকে (১১) ফেরালেও চা-বিরতির সময় তাদের স্কোর ছিল ১ উইকেটে ১৪৬ রান। ক্রিজে তখন ম্যাথু বেল ৬৯ ও জীবনের শেষ টেস্ট খেলতে নামা স্টিভেন ফ্লেমিং ৬০ রানে অপরাজিত। কিন্তু চা-বিরতির পরই পাল্টে যায় দৃশ্যপট। পানেসারের করা শেষ সেশনের তৃতীয় বলে বেল ক্যাচ দিয়েছেন স্টুয়ার্ট ব্রডকে। ৯৯ রানের জুটি ভেঙ্গে যাওয়ার দুঃখই বোধহয় সইতে পারেননি ফ্লেমিং। ৬৬ রান করে পানেসারের বলেই কট বিহাইন্ড হয়ে যান তিনি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের একটাই সান্ত্বনা ---৪০-এর ওপরে গড় (৪০.০৬) নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন তিনি। ফ্লেমিংয়ের বিদায়ের পর খারাপ সময়ের ভেতর দিয়ে যাওয়া ম্যাথু সিনক্লেয়ার (৬) এবং অভিষিক্ত গ্র্যান্ড এলিয়টও (৪) বেশি কিছু করতে পারেননি। দু জনই ব্রডের শিকারে পরিণত হলে ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারায় কিউইরা। ১৭২ রানে পঞ্চম উইকেট হারানোর পর ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রস টেলর ও ব্রেন্ডন ম্যাককালাম। দিনশেষে টেলর ৩৪ ও ম্যাককালাম ২৪ রানে অপরাজিত। ম্যাককালাম অবশ্য ভাগ্যবান। কেভিন পিটারসেনের ব্যর্থতায় এক বার 'জীবন' পাওয়া ছাড়াও জেমস অ্যান্ডারসনের করা দিনের শেষ ওভারের একটি বল পানেসারের ঠিক মাথার ওপর দিয়ে তুলে দিয়েও বেঁচে যান নিউজিল্যান্ডের উইকেট কিপার। ৪৯ রানে ৩ উইকেট নেয়া পানেসারই দিনের সেরা বোলার। ৪০ রানের বিনিময়ে ব্রডের শিকার ২ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৩ঘ.