ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টানা সপ্তম জয় দিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে মোহামেডান। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে তারা। বিকেএসপির দুই নাম্বার মাঠে আবাহনীর ষষ্ঠ জয়টা আরো সহজ। ওল্ড ডিওএইচএসকে বর্তমান চ্যাম্পিয়নরা হারিয়েছে ৯ উইকেটে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং পেগাসাসের বিপক্ষে ভিক্টোরিয়ার জয় ৬ উইকেটের। বিকেএসপির এক নাম্বার মাঠে পারটেক্সকে ৬৯ রানে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে সোনারগাঁও ক্রিকেটার্স। ফতুল্লায় নির্ধারিত কলাবাগান-বিমান ম্যাচ বৃষ্টির জন্য হতেই পারেনি, হবে মঙ্গলবার।
শুরুতেই প্রতিপক্ষকে বড় এক ধাক্কা দেন ডলার মাহমুদ। সিটি ক্লাবকে ২৬ রানে ৩ উইকেট হারানো দলে পরিণত করা এই পেসারের বোলিং ফিগারটাও দেখার মতো : ৬-৩-১১-৩! সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে না পারা সিটিকে মাত্র ৯১ রানে অলআউট দেওয়ায় মোহামেডানের পাকিস্তানি বোলার আদিল আরশাদেরও (৮-২-২০-৪) কম অবদান নয়। এই রান তাড়া করতে নেমে ওপেনার ইমতিয়াজ হোসেন (৯) ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের (৫২ বলে ২৪) উইকেট হারিয়ে মাত্র ২৯.৩ ওভারেই লক্ষ্যে পৌছে যায় তারা। ওপেনার জুনায়েদ সিদ্দিকী ৮১ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন ডলার।
ওপেনার সাকিব রাজ্জাক (৫৮) ছাড়া আর কেউই বলার মতো রান করেননি। তাই টস হেরে ব্যাটিংয়ে নামা ওল্ড ডিওএইচএসের ইনিংস এগোয়নি ১৭৭ রানের বেশি। এই রান টপকাতে মাত্র ৩১.২ ওভার লেগেছে আবাহনীর। ওপেনার মঞ্জুরুল করিম ৩৩ রান করে আউট হয়ে গেলেও অন্য ওপেনার জহুরুল ইসলাম (৭৯*) দলকে জয়ের তীরে পৌছে দিয়েই ফিরেছেন। সঙ্গে ছিলেন নাজিমউদ্দিনও (৪৮*)।
পেগাসাসের ১৩৯ রান তাড়া করে ভিক্টোরিয়াকে মাত্র ২৫.১ ওভারেই লিগের দ্বিতীয় জয় এনে দিয়েছে ওপেনার গাজী সালাউদ্দিনের ব্যাটিং। ৬৩ রানের ইনিংসের জন্য ম্যান অফ দি ম্যাচও হয়েছেন তিনিই। মোস্তাফিজুর রহমান (৫৮) ও শরীফুল্লাহর (৫৪) ফিফটিতে ২২০ রান করা সোনারগাঁও ক্রিকেটার্স পারটেক্সকে ১৫১ রানেই গুটিয়ে দেয়। ব্যাটিংয়ের পর বোলিংয়ে ২৭ রানে ১ উইকেট নেওয়া শরীফুল্লাহর হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24