জর্জটাউন, গায়ানা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যাদের নিয়ে সামান্য সংশয় ছিল তারাই সফল, সেখানে অধিনায়ক কি বসে থাকতে পারেন? গায়ানা টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে অন্তত মাহেলা জয়াবর্ধনে তা পারেননি। ফলে দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই ওয়েস্টইন্ডিজের বোলারদের কেটেছে হতাশায়। জয়াবর্ধনের ২২ তম টেস্ট সেঞ্চুরি (১৩৬) আর চামিন্ডা ভাসের ফিফটিতে ৮ উইকেটে ৪৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তারপর মাত্র ঘন্টাখানেক বল করার সুযোগ পেয়েই ক্রিস গেইলকে (০) প্যাভিলিয়নে ফেরাতে পেরেছেন ভাস। ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ১ উইকেটে ২৯।
মাত্র দু'দিন যেতেই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করায় অনেক ঝুঁকি। সেই ঝুঁকিতে না গিয়ে আপাতত এটুকু অন্তত বলা যেতেই পারে যে, প্রথম ধাক্কার ধকল সামলাতে না পারাতেই ম্যাচে অনেক পিছিয়ে পড়েছে ওয়েস্টইন্ডিজ। এখনো ফলোঅন এড়াতে ২৪৮ রান দরকার। ক্যারিবিয়দের এমন দুরবস্থার ভিত তৈরি হয়েছিল শনিবার, মালিন্দা ওয়ার্নাপুরার ১২০ রানের দারুণ এক ইনিংস আর ভ্যানডর্টের ফিফটিতে। তাদের ১৩০ রানের উদ্বোধনী জুটিই অকার্যকর করে দিয়েছিল ওয়েস্টইন্ডিজের বোলিং। অথচ টেস্ট অঙ্গনের এই দুই কম অভিজ্ঞকে ঝটপট বিদায় করে শ্রীলঙ্কাকে তছনছ করার স্বপ্ন দেখেছিলেন পাওয়েল-টেলরেরা। তা সম্ভব না হওয়ায় প্রথম দিনে ৪ উইকেটে ২৬৯ রান করে ফেলে শ্রীলঙ্কা। রোববার তার সঙ্গে জয়াবর্ধনের টানা দ্বিতীয় ম্যাচে তৃতীয় সেঞ্চুরি আর ভাসের ফিফটি যোগ হওয়ায় পাঁচশ'কেও মনে হচ্ছিল সম্ভব। জয়াবর্ধনে অবশ্য সে পর্যন্ত ইনিংসটাকে টেনে নেয়া দরকার মনে করেননি। ২৩৪ বলে ১৩ টি চারের মারে ১৩৬ করার পর আম্পায়ার যখন বল গ্লাভসে লেগেছে বুঝতে না পেরে পাওয়েলের আবেদনে তাকে এলবিডাব্লু ঘোষণা করলেন তার একটু পরই যবণিকা টানেন ইনিংসে। মাত্র ৪ রানে জীবন পেয়ে জয়াবর্ধনের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ১২৬ রান তোলা চামিন্ডা ভাস তখনও ৫৪ রানে অপরাজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫২৪ ঘ.
bdnews24