ঢাকা, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড, বারমুডা ও কানাডা- ২০০৭ বিশ্বকাপের আগে এদের সঙ্গে খেলে খেলেই সময় কাটছিল বাংলাদেশের। ওয়ানডের সর্বোচ্চ আসরের প্রস্তুতিতে এদের মুখোমুখি হওয়া কতোটা যৌক্তিক, তা নিয়ে সেসময় প্রশ্নের ঝড়ও সামাল দিতে হয়েছে দেশের ক্রিকেট প্রশাসনকে। প্রশ্ন আছে এবার আয়ারল্যান্ডের সঙ্গে খেলা নিয়েও। তবে মোহাম্মদ আশরাফুলের দৃষ্টিতে এসব ছোট দলের সঙ্গে খেলার সুবিধাও আছে অনেক। এটা নাকি বড় অনেক সাফল্যের দরজাও খুলে দেয়!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভুলে যাওয়ার মতো এক সিরিজই কেটেছে বাংলাদেশের। তারপর এই আয়ারল্যান্ডকে পেয়ে বহুদিন পর জয়ের মুখ দেখা বাংলাদেশ ১৩ মাস পর সিরিজ বিজয়ের আনন্দেও ডুব দিতে পারছে। কিন্তু তাতে আদৌ কী কোনো উপকার হচ্ছে? বাংলাদেশ অধিনায়ক ইতিবাচক জবাবই দিচ্ছেন। "আমি মনে করি এই ধরনের দলের সঙ্গে খেলা খুব কাজে দেয়। সামনেই আমাদের পাকিস্তান সফর। তার আগে এই সিরিজ থেকে প্রত্যেক ক্রিকেটারই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারছে।"
আত্মবিশ্বাস কতোটা বাড়িয়ে নিতে পেরেছেন ক্রিকেটাররা, সেটা পাকিস্তান যাওয়ার পর বোঝা যাবে। পাছে এই নিয়ে যদি কারো মনে সন্দেহ তৈরি হয়, সেজন্যই কিনা ২০০৭ এর বিশ্বকাপ প্রস্তুতিকেই উদাহরণ হিসেবে টানলেন আশরাফুল, "আপনাদের মনে আছে নিশ্চয়ই বিশ্বকাপের আগে আমরা জিম্বাবুয়ে, কেনিয়া ও স্কটল্যান্ডের সঙ্গেই কেবল খেলছিলাম। ওদের সঙ্গে খেলে জিততে জিততে আমাদের আত্মবিশ্বাসের স্তরও বাড়িয়ে নিয়েছিলাম। এরপর বিশ্বকাপে আমরা কী করেছি তা তো জানেনই।"
প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে সুপার এইটের চৌকাঠে পা রেখেছিল বাংলাদেশ। এরপর সুপার এইটে তখনকার ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাফল্য অনেকটা ম্লান হয়েছিল আয়ারল্যান্ডের কাছে হারে। এবার সেই আয়ারল্যান্ড একেবারে 'সহজ শিকার'ই যেন হয়ে গেছে। আশরাফুল অবশ্য এই কথার সঙ্গে একমত হতে পারলেন না, "ওরাও ভালো দল। এখানে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাটাই বোধহয় ওদের জন্য সমস্যা হয়ে গেছে। আজকের ম্যাচটাও তো একটা সময় পর্যন্ত ক্লোজ ছিল। শেষ ১২০ বলে ১২১ রান দরকার ছিল যখন, তখনো ওদের হাতে ৫ উইকেট।"
সিরিজ জেতা হয়ে যাওয়ার পর এখন আইরিশদের হোয়াইটওয়াশের দিকে চোখ আশরাফুলের। বললেন, "আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে অবশ্যই ওদের হোয়াইটওয়াশ করা যাবে।" 'সেরা ক্রিকেট' বলতে কী বোঝাচ্ছেন তাও কিছুটা বোঝা গেল, যখন দ্বিতীয় ম্যাচের ব্যাটিং নিয়েও পুরো সন্তুষ্ট মনে হল না তাকে। ২৪৬ রান করার পরও কিছুটা আক্ষেপ রয়েই গেছে তার, "আরেকটু সেনসিবল ব্যাটিং করলে কিন্তু এই ম্যাচে আরো বেশি রান করতে পারতাম আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১২ঘ.
bdnews24