লন্ডন, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাহীনতার কারণে অস্ট্রেলিয়া পাকিস্তান সফর বাতিল করায় বড় ক্ষতির আশঙ্কা জেগেছিল। সেটা কাটাতে পেরেছে তারা। ৬ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ ও পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে সেখানে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত। বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাকেও রাজি করিয়েছে পিসিবি। বৃহস্পতিবার পিসিবি চেয়ারম্যান ড. নাসিম আশরাফ জানান মাহেলা জয়াবর্ধনের দলের পাকিস্তান সফরে আসা এখন নিশ্চিত, "আমাদের এখানে একটা ওয়ানডে সিরিজ খেলতে আসার আমন্ত্রণ শ্রীলঙ্কা গ্রহন করেছে।"
পিসিবির এক সূত্রের মতে শ্রীলঙ্কার পাকিস্তান সফর শুরু হবে বাংলাদেশের সফর শেষে, ২৩ এপ্রিল থেকে ৫ মে'র মধ্যে। এদিকে বৃহস্পতিবার পিসিবি সূত্রের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ডেইলি টাইমস লিখেছে, বাংলাদেশের ৫টি ওয়ানডে ও ১টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে পিসিবি। সে অনুযায়ী প্রথম দুটো ওয়ানডে হবে লাহোরে। পরের ম্যাচগুলো যথাক্রমে মুলতান, ফয়সলাবাদ ও করাচিতে। টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচটির ভেন্যুও করাচি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৯১৫ঘ.
bdnews24