লন্ডন, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ড্যারেল হেয়ারের আম্পায়ারদের এলিট প্যানেলে ফেরার খবরটা তার পক্ষে মেনে নেয়া প্রায় অসম্ভব। ইনজামাম-উল হক তা মেনে নিতে পারছেনও না। ২০০৬ সালের আগস্টে ওভাল টেস্টের সেই দুঃস্বপ্ন আজো ভুলতে পারেননি বলেই পাকিস্তানের সাবেক অধিনায়ক হেয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের খবরে ভীষণ ক্ষুব্ধ।
ওভাল-কান্ডের সময় ইনজামামই ছিলেন পাকিস্তানের অধিনায়ক। বল ট্যাম্পারিংয়ের অভিযোগে ৫ রানের জরিমানার সিদ্ধান্তের প্রতিবাদে তার নেতৃত্বেই চতুর্থ দিন চা-বিরতির পর মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান দল। পরে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে ৪ ম্যাচের জন্য সাসপেন্ডও হয়েছিলেন তিনি। হেয়ারকেও অবশ্য সরিয়ে দেয়া হয়েছিল এলিট প্যানেল থেকে।
এত সব বিতর্কিত ঘটনার প্রধান চরিত্রের আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার খবরটা শুনে ইনজামাম স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ, 'খবরটা আমার কাছে বিস্ময়কর। বিশেষ করে ওভাল টেস্ট এবং তার পরে অনেক কিছু ঘটার পর তা মেনে নেয়াই কঠিন।" এর পর আইসিসির কাছে 'মুলতানের সুলতান' নামে পরিচিত ইনজামামের প্রশ্ন, "হেয়ারের যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার কোনো যোগ্যতাই নেই তা প্রমাণের জন্য আর কি প্রয়োজন তাদের? আমি জানি না আইসিসির এই মিটিংয়ে কী ঘটেছে! আমি শুধু জানি ওভাল টেস্টের পর হেয়ারের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করাই অনুচিৎ। সিদ্ধান্তটা তাই ভীষণ বিস্মিত করেছে আমাকে।"
ওভাল-কান্ডের সময় পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে থাকা শাহরিয়ার খানও খবরটা মেনে নিতে পারছেন না, "আমি ব্যাপারটা বুঝতেই পারছি না। ১৫ মাস আগেও এই লোক আম্পায়ারিং করার জন্য যোগ্য ছিল না। কিন্তু এখন হঠাৎ করেই আইসিসি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললো।"
তবে ইনজামাম-শাহরিয়ারদের জন্য একটা সুখবরও আছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও হেয়ারের পাকিস্তানের কোনো ম্যাচে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আইসিসির জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন জানিয়েছেন, "আমরা সম্ভবত তাকে (হেয়ারকে) পাকিস্তানের ম্যাচগুলো থেকে দূরেই রাখবো।" তবে একই সঙ্গে এশিয়ার অন্য দেশগুলোর ম্যাচে হেয়ারের দায়িত্ব পাওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট কিপার রিচার্ডসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.
bdnews24